‘পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প’ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহীতে মানববন্ধন
রাজশাহীতে মানববন্ধন | ছবি: এখন টিভি
0

বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের কারণে রাজশাহী অঞ্চলকে মরুকরণের হাত থেকে রক্ষার্থে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি ইশতেহারে ঘোষিত ‘পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প’ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ১ এপ্রিল) সকাল ১০টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই কর্মসূচি পালিত হয়।

ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত, উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন,পদ্মা নদীকে ক্যাপিটাল ড্রেজিংসহ বেশ কিছু দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।

এতে পরিবেশ কর্মী, বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবক, সাংবাদিকসহ সাংস্কৃতিককর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও রাজশাহীর পদ্মা নদীসহ দেশের অন্যান্য নদীগুলো আজ মরুভূমিতে পরিণত হচ্ছে। খরা মৌসুমে পদ্মায় পানি থাকে না, নদীগুলো চরে পরিণত হচ্ছে। পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে সেচ ব্যবস্থায় কৃষকদের চরম বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে। প্রশাসনের নাকের ডগায় নদীখেকোরা অবৈধভাবে বালি উত্তোলন করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।’

বক্তারা আরও বলেন, ‘বরেন্দ্র অঞ্চলের তৃষ্ণার্ত মানুষের হাহাকার বন্ধ করতে চাইলে দৃশ্যমান ও টেকসই সমাধানের ব্যবস্থা নিতে হবে। পানি ছাড়া জীবন ও প্রকৃতি উভয়ই অচল। এই সংকট মোকাবেলায় দেরি করার অর্থ হলো একটি বিশাল জনপদকে স্থায়ী বিপর্যয়ের দিকে ঠেলে দেয়া। পদ্মা নদী বাঁচলেই রাজশাহী বাঁচবে।’

আরও পড়ুন:

তারা বলেন, ‘ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করতে অবিলম্বে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবি জানাই। পাশাপাশি রাজশাহীর পদ্মা নদীকে ক্যাপিটাল ড্রেজিং করে নদীতে পূর্বের ধারা ফিরিয়ে আনতে হবে। বর্তমান সরকার নির্বাচন-পূর্ববর্তী সময়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতেহারে যা ঘোষণা করেছিলেন, সেই পদ্মা নদীর ওপর ‘পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প’ অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন চাই।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), রাজশাহী জেলার সভাপতি মাহমুদ হোসেন। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও বাপা রাজশাহী জেলার সাবেক সভাপতি জামাত খান। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মোছা. সেলিনা বেগম। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), রাজশাহী জেলার সহ-সভাপতি এবং রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জুয়েল কিবরিয়া। গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার সভাপতি রাবেয়া খাতুন। ছাত্র মৈত্রী রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক সমাজকর্মী সম্রাট রায়হান। দুর্গাপুর উপজেলার সাবেক প্যানেল চেয়ারম্যান রুপালি খাতুন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পবা উপজেলার সভাপতি রহিমা বেগম প্রমুখ।

এফএস