জ্বালানি তেলের মজুত-সরবরাহ স্বাভাবিক; আতঙ্কিত হয়ে অতিরিক্ত ক্রয় না করতে আহ্বান

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ | ছবি: এখন টিভি
0

দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক আছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় না করতে জনগণের প্রতি আহ্বানও জানানো হয়েছে।

আজ (শনিবার, ২৮ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক আছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় করবেন না। আতঙ্ক নয়, সচেতন হই- জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

আরও বলা হয়, পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ। এ ধরনের জ্বালানি তেল মজুদ করা অত্যন্ত বিপজ্জনক। তাই অবৈধ জ্বালানি তেল মজুত করবেন না। নিজে সাবধান হই, অন্যকেও সাবধান করি।

আরও পড়ুন:

জ্বালানি তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানিয়ে বলা হয়, এ বিষয়ে প্রতিটি জেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট সক্রিয় আছে। জ্বালানি তেলের অবৈধ মজুতকে না বলুন।

এছাড়া সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি বলেও এ বার্তায় উল্লেখ করে অতিরিক্ত লাভের আশায় জ্বালানি তেলের অবৈধ মজুত না করতে সতর্ক করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, সরকার চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণে আন্তর্জাতিক বাজার হতে প্রয়োজনীয় জ্বালানি তেল ক্রয় করছে। তাই জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই। তাই আতঙ্কিত না হয়ে বরং সচেতন হতে আহ্বান জানানো হয়।

এসএইচ