নিহত রুহুল আমিন ঘরামী (৪৫) উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জায়গীর এলাকার বাসিন্দা। সে এলাকায় দীর্ঘদিন যাবত পাট কেনাবেচার ব্যবসা করতেন। গত ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় জানায়, সকালে এক কৃষক তার ধানক্ষেত পরিচর্যা করতে গিয়ে মরদেহটি দেখতে পান। মরদেহটি দেখেই তিনি তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারের সদস্যদের খবর দেন।
আরও পড়ুন:
এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে কালকিনি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ১২টার দিকে ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে। পুলিশ এসময় মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন পরিবারের বরাত দিয়ে জানান, নিহত রুহুল আমিন ঘরামী প্রায় ১০ দিন আগে থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সকালে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।





