দিল্লিতে আবাসিক ভবনে আগুন; তিন শিশুসহ নিহত ৯

দিল্লির আবাসিক ভবনে আগুন
দিল্লির আবাসিক ভবনে আগুন | ছবি: সংগৃহীত
1

দিল্লির পালাম নগরের একটি আবাসিক ভবনে আগুন লেগে তিন শিশুসহ অন্তত নয়জন মারা গেছেন। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। পুলিশের শঙ্কা, ভবনে অনেকে আটকে থাকায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। এ ঘটনায় শোক জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ও গভর্নর।

আজ (বুধবার, ১৮ মার্চ) স্থানীয় সময় সকাল ৭টার দিকে দিল্লীর পালাম নগরে একটি বহুতল ভবনে আগুন লাগে। ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের অন্তত ৩০টি ইউনিট। ঘনবসতিপূর্ণ এলাকা আর উৎসুক জনতাকে সরিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে তারা।

ক্রেন ব্যবহার করে জানালার কাঁচ ভেঙে আটকে পড়াদের উদ্ধারে কাজ করে অগ্নিনির্বাপন কর্মীরা। তবে ভবনের ভেতরের কালো ধোঁয়া ও আগুনের কুন্ডলী উদ্ধার কার্যক্রমকে কঠিন করে তোলে।

আরও পড়ুন:

পুলিশের শঙ্কা, ভেতরে অনেকে আটকা থাকায় বাড়তে পারে হতাহতের সংখ্যা। প্রাথমিকভাবে জানা যায়, আগুন লাগা ভবনটির প্রথম দুই তলা কাপড় ও প্রসাধনী সামগ্রীর গুদামঘর হিসেবে ব্যবহৃত হতো। আর অন্য তলায় আবাসিক পরিবারের বাস। এছাড়া ভবনটির ছাদেও টিনশেড ঘর রয়েছে।

আগুন লাগার মূল কারণ জানা না গেলেও ভবনে দাহ্য পদার্থের উপস্থিতি ভয়াবহতা বাড়াতে পারে বলে মনে করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। আগুনের প্রকৃত কারণ অনুসন্ধানের নির্দেশও দেন তিনি। শোক জানিয়েছেন দিল্লির গভর্নরও।

এসএস