পাকিস্তান সিরিজে ‘ভালো উইকেট’ প্রত্যাশা অধিনায়ক মিরাজের

বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল
বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল | ছবি: এখন টিভি
0

পাকিস্তান সিরিজের আগে গণমাধ্যমের মুখোমুখি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মিরাজের কণ্ঠে শোনা গেলো দলের অন্য সদস্যদের ওপর আস্থার গল্প। তিনি মনে করছেন, সিরিজে ভালো করতে হলে সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। সেইসঙ্গে এ সিরিজে ভালো উইকেটে খেলার প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি। আর পাকিস্তান অধিনায়ক শাহিন আফ্রিদি জানালেন, তরুণদের নিয়ে হাঁটতে চায় তার দল।

শেষ ৯ ওয়ানডের ৭টিতেই পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতলেও প্রশ্ন থেকে যায় টাইগারদের পারফরম্যান্স নিয়ে। প্রশ্ন আছে মেহেদি হাসান মিরাজের অধিনায়কত্ব আর দলের ব্যাটিং পজিশন নিয়েও।

পাকিস্তান সিরিজে বাংলাদেশকে পারফর্ম্যান্সের বাইরেও দিতে হবে অনেক প্রশ্নের উত্তর। অধিনায়ক মিরাজ অবশ্য দলের সবার কাছেই দায়িত্বশীল ক্রিকেট আশা করেন।

বাংলাদেশ পুরুষ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেন, ‘যার সক্ষমতা আছে, সে-ই কিন্তু বাংলাদেশ দলে খেলছে। তাই আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা খেলোয়াড়ের দায়িত্বশীল হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। একটা সময় হয়তো আমরা চিন্তা করতাম। আমি তো মাত্র একটা ম্যাচ খেলেছি অনেকে অনেক বছর খেলেছে। যখন সেরা একাদশে যারা খেলে, তারা কিন্তু পারফর্ম করার চেষ্টা করে। আর আমার কাছে মনে হয় সব খেলোয়াড়কে দায়িত্ব নিয়েই খেলতে হবে।’

আরও পড়ুন:

বাংলাদেশের হোম সিরিজ মানেই স্পিন সহায়ক পিচ। যদিও দলের অধিনায়ক বারবারই বলছেন ট্রু উইকেটের কথা। একদিকে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার চ্যালেঞ্জ, অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে তাল মেলানোর চ্যালেঞ্জ। এ দুইয়ের দোলাচলে অধিনায়ক মিরাজ দিলেন দ্বিধা মেশানো উত্তর।

মেহেদি মিরাজ বলেন, ‘অধিকাংশ ম্যাচ যাতে আমরা ভালো উইকেটে খেলতে পারি। হোম কন্ডিশন মানেই আমরা বাজে উইকেট দিয়ে দিবো ব্যাপারটা এমন নয়, তখনও আমরা ভালো উইকেটে খেলবো।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে পাকিস্তান ক্রিকেটে আসবেন নতুন এক প্রজন্ম। কাদের অভিষেক হবে সেই ধারণাও দিয়েছেন পাকিস্তান ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি।

পাকিস্তান ক্যাপ্টেন শাহিন শাহ আফ্রিদি বলেন, ‘তিনজনের অভিষেক হবে। আমাদের সাইফ জাদা টি-টোয়েন্টিতে ভালো একজন পারফর্মার। যাদের অভিষেক হবে আশাকরি তারা তাদের স্কিল দেখাতে পারবে। আর আমরা আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি।’

জেআর