ইরান-ইসরাইল যুদ্ধ: মধ্যপ্রাচ্যে ৪ বাংলাদেশি নিহত

আহম্মেদ আলীর মরদেহ গ্রহণের সময় মো. নুরুল হক
আহম্মেদ আলীর মরদেহ গ্রহণের সময় মো. নুরুল হক | ছবি: সংগৃহীত
0

ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে চারজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। আজ (সোমবার, ৯মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা আহম্মেদ আলীর মরদেহ গ্রহণের সময় তিনি এ কথা বলেন। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

চলমান ইরান-ইসরাইল যুদ্ধে দুবাইয়ে আহম্মেদ আলী নামে একজন নিহত হন।

মো. নুরুল হক বলেন, ‘চারজনের মধ্যে একজন বাহরাইন, একজন দুবাই এবং দুইজন সৌদি আরবে নিহত হয়েছেন। আমরা সৌদি আরবে নিহত বাংলাদেশিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের প্রতি সমবেদনা জানিয়েছি এবং সহায়তা প্রদানে আশ্বস্ত করেছি।’

তিনি বলেন, ‘নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থাও চলছে।’

আরও পড়ুন:

প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ‘মধ্যপ্রাচ্যে সংকট শুরু হওয়ার পর থেকে ফ্লাইট স্থগিত রয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন, যাতে আটকে পড়া যাত্রীদের আবাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা যায়।’

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কয়েকজন আহত বাংলাদেশি সংশ্লিষ্ট দেশে বাংলাদেশি মিশন থেকে প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা পাচ্ছেন।

আরও পড়ুন:

প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সংঘাত-প্রবণ এলাকা এড়িয়ে চলতে এবং সংশ্লিষ্ট দেশের আইন লঙ্ঘন করতে পারে- সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কোনো বিষয়বস্তু প্রকাশ না করার আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং তাদের পাশে দাঁড়াতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।’

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এসএস