নারী দলকে নিয়ে কিরণের মন্তব্য অসম্মানজনক-দায়িত্বজ্ঞানহীন: বাটলার

জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার
জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার | ছবি: এখন টিভি
0

এশিয়ান কাপের প্রথম ম্যাচে চীন খারাপ খেলেছে, তাই ভালো করেছে বাংলাদেশ, আফঈদাদের নিয়ে নারী উইং প্রধান মাহফুজা আক্তার কিরণের এমন মন্তব্যে বেজায় চটেছেন হেড কোচ পিটার বাটলার। তিনি বলেছেন, তার পক্ষ থেকে এমন মন্তব্য বেশ অসম্মানজনক এবং কিছুটা দায়িত্বজ্ঞানহীন।

নারী উইং প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘নয়বারের যে চ্যাম্পিয়ন চীন। যে দলটা ছিলো আমার মনে হয়েছে তাদের সে দলটা ছিলো না। দল ছিলো না মানেই সে মানুষগুলোই ছিলো। কিন্তু তারা ছিলো বয়স্ক এবং ফর্মহীন।’

ইতিহাস গড়ে এশিয়ান কাপে খেলতে গিয়ে প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীনের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেন আফঈদা-ঋতুপর্ণারা। হারলেও, মেয়েদের অদম্য মানসিকতা প্রশংসা কুড়িয়েছে সর্বত্র। তবে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যানের এমন মন্তব্যে ম্লান হয় আফঈদাদের কীর্তি। তার মতে, বাংলাদেশ ভালো খেলেনি, বরং চীনই খারাপ খেলেছে।

আরও পড়ুন:

নারী দলকে নিয়ে মাহফুজা আক্তার কিরণের এমন মন্তব্যে বেজায় চটেছেন হেড কোচ পিটার বাটলার। উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে নারী উইং প্রধানের কড়া সমালোচনা করলেন এ ব্রিটিশ কোচ।

বাংলাদেশ নারী দলের হেড কোচ পিটার বাটলার বলেন, ‘চীনের দল নিয়ে বাফুফের একজন সদস্যের এরকম মন্তব্য অসম্মানজনক এবং সম্পূর্ণ ভুল। আমাদের যেকোনো দলের প্রতি সম্মান জানানো উচিত। তারা অবশ্যই শক্তিশালী দল। আমি মনে করি তার পক্ষ থেকে এটি বেশ অসম্মানজনক এবং কিছুটা দায়িত্বজ্ঞানহীন। কিন্তু আমার কাছে এটা প্রত্যাশিতই ছিল।’

চীনের ফুটবলারদের মান নিয়ে কিরণের প্রশ্নেরও কড়া জবাব দিলেন পিটার বাটলার।

পিটার বাটলার বলেন, ‘চীনের ফুটবলাররা বাংলাদেশ নারী লিগের দল হয়ে খেলে না। তাদের পিএসজিতে খেলা ফুটবলার আছে। চীনের খেলোয়াড়রা ফরাশগঞ্জের খেলোয়াড় নয়। তারা চাইনিজ ও ফরাসি লিগে খেলে।’

প্রথমবার মহাদেশিয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে খেলতে যাওয়া নারী দলকে উৎসাহের পরিবর্তে যেন উপহাসই করলেন নারী উইং প্রধান। মাঠের বাইরের এসব বিতর্কে নিশ্চয়ই নেতিবাচক প্রভাব পড়ে মাঠের খেলায়।

জেআর