সহিংসতার আগুনে পুড়ছে মেক্সিকো। একের পর এক শহরের যানবাহন ও দোকানপাটে আগুন। প্রতিশোধমূলক তাণ্ডব শুরু করেছে ভয়ংকর মাদকচক্র জালিস্কো নিউ জেনারেশন কার্টেল অনুসারীরা। সামরিক অভিযানে দেশটির মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট এল মেনচোসহ বেশ কয়েকজন নিহতের খবরে শুরু হয় তাণ্ডব দেশজুড়ে।
এ অবস্থায় পুয়ের্তো ভাল্লার্তা বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট বাতিলের খবরও পাওয়া গেছে। জনমনে ছড়িয়েছে আতঙ্ক। রাস্তায় চলাচলে ভয় পাচ্ছেন অনেক বাসিন্দা ও পর্যটক। তবে ভয়ংকর মাদকচক্র নির্মূল অভিযানে খুশি অনেকে।
তবে বাসিন্দাদের একজন বলেন, ‘এখনও আমরা ভয় পাচ্ছি। কিছুটা মানসিক শান্তিও পাচ্ছি। এটা ভালো ভয়ংকর মাদকচক্র বিরোধী অভিযান হচ্ছে।’
আরও পড়ুন:
দেশটিতে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কবার্তা জারি করেছে মার্কিন দূতাবাস। তাই জননিরাপত্তায় হেলিকপ্টার দিয়ে আকাশপথে নজরদারি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনী। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের দাবি সরকারের।
মেক্সিকো জালিস্কোর গভর্নর পাবলো লেমুস নাভারো বলেন, ‘জালিস্কোর জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ অভিযানের সময় আমাদের নির্দেশনা মেনে চলেছে, কোনো ঝুঁকি নেয়নি। তাই দায়িত্বশীলতার সঙ্গে অভিযান সম্পন্ন করা সম্ভব হয়েছে।’
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জালিস্কো অঙ্গরাজ্যে মাদকবিরোধী অভিযান চালায় বিশেষ বাহিনী। মূললক্ষ্য সিজেএনজি দুর্গ। এসময় কুখ্যাত মাদক চক্রটির সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। এতে ৩ সেনা সদস্য আহত হয়। ঘটনাস্থলে নিহত হয় চক্রটির ৪ সদস্য। আর কুখ্যাত মাদক চক্রের প্রধান এল মেনচোসহ আরও ৩ জন আহত হয়। হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য নেয়ার সময় মৃত্যু হয় তাদের।
অভিযানে বিমান ভূপাতিত করতে সক্ষম রকেট লঞ্চার, বিভিন্ন অস্ত্র এবং সাঁজোয়া যান জব্দ করাসহ দুই কার্টেল সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এরআগে, এল মেনচোকে ধরিয়ে দিতে ৩০ কোটি মেক্সিকান পেসো ও ঘোষণা করেছিল দেশটি। এছাড়া ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।





