নিউ ইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারের মূল সড়ক এটি। রমজানে পরম করুণাময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এক কাতারে তারাবির নামাজ আদায় করছেন মুসুল্লিরা।
শুধু নামাজই নয়, সারাদিনের রোজা শেষে ইফতারেরও সমবেত আগতরা। সিয়াম সাধনার এই মাসটিতে নিউ ইয়র্কের বিভিন্ন প্রান্তে থাকা মুসুল্লিদের একত্রিত করতে এই অনন্য উদ্যোগ হাতে নিয়েছে একটি সংগঠন। রমজানে এখানে প্রায় ২ হাজার মুসুল্লিকে বিনামূল্যে দেয়া হয় ইফতার।
আরও পড়ুন:
আয়োজকদের একজন বলেন, ‘আয়োজনের অনুমতি দেয়ায় আমরা নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। আশা রাখি সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সামনের দিনগুলোতে এটি অব্যাহত থাকবে।’
এবার পঞ্চমবারের মতো টাইমস স্কয়ারে নামাজ ও ইফতারের আয়োজন করেছে সংস্থাটি। শুধু মুসলিমরাই নয়, অন্যান্য সম্প্রদায়ের মানুষকেও এখানে ইফতারের জন্য স্বাগত জানানো হয়।
স্থানীয় একজন ব্যক্তি বলেন, ‘এখানে যে কেউ আসতে পারে এবং আমাদের আয়োজনে শরিক হতে পারে।’
আয়োজকদের আশা, সামনের দিনগুলোতে আরও বেশিসংখ্যক মুসুল্লি অংশ নেবেন তাদের আয়োজনে।




