Recent event

যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষার ঝড়ে ৩ হাজার ফ্লাইট বাতিল, চার রাজ্যে জরুরি অবস্থা

যুক্তরাষ্ট্রে তুষার ঝড়
যুক্তরাষ্ট্রে তুষার ঝড় | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে আঘাত হানতে শুরু করেছে কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী এক তুষার ঝড়। আবহাওয়া দপ্তর একে ‘শীতকালীন হারিকেন’-এর সঙ্গে তুলনা করে নিউ ইয়র্ক সিটিসহ বিস্তীর্ণ অঞ্চলে ‘ব্লিজার্ড ওয়ার্নিং’ বা চরম সতর্কতা জারি করেছে। ২০২৬ সালের এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঙ্গরাজ্যে ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, ২০১৬ সালের সেই ঐতিহাসিক তুষার ঝড়ের পর ট্রাই-স্টেট এলাকায় এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় তুষারপাত। পূর্বাভাস অনুযায়ী, নিউ ইয়র্ক সিটি ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে অন্তত ১২ থেকে ১৮ ইঞ্চি তুষার জমতে পারে। তবে লং আইল্যান্ড এবং কানেকটিকাটের কিছু অংশে তুষারের পরিমাণ ২৪ ইঞ্চি বা দুই ফুট ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঘণ্টায় ৬০ মাইল বেগে বয়ে যাওয়া বাতাস এবং ভারী তুষারপাতের ফলে দৃশ্যমানতা বা ভিজিবিলিটি শূন্যের কাছাকাছি নেমে আসতে পারে, যা যাতায়াতকে সম্পূর্ণ অসম্ভব করে তুলবে।

ঝড়ের ভয়াবহতা বিবেচনা করে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ২২টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন। নিরাপত্তার স্বার্থে নিউ ইয়র্ক স্টেট ন্যাশনাল গার্ডের শতাধিক সদস্যকে মোতায়েন করা হয়েছে। গভর্নর সতর্ক করে বলেছেন, উপকূলীয় এলাকায় বন্যার প্রবল ঝুঁকি রয়েছে এবং সাধারণ মানুষকে ঘরের বাইরে না বের হতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে নিউ জার্সির গভর্নর মিকি শেরিল পুরো রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

পরিবহন ব্যবস্থায় ইতিমধ্যেই এর ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। ঝড়ের আশঙ্কায় ৩ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইনগুলো। নিউ ইয়র্ক সিটির সাবওয়ে বা পাতাল রেলের সূচিতে পরিবর্তন এনে অধিকাংশ ট্রেনকে ‘লোকাল’ হিসেবে চালানো হচ্ছে। মহাসড়কগুলোতে বিশৃঙ্খলা এড়াতে নাসাউ কাউন্টিতে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের সাধারণ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আরও পড়ুন:

বিদ্যুৎ বিভ্রাটের বড় ধরনের আশঙ্কা প্রকাশ করেছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। ভারী তুষার ও ঝোড়ো বাতাসের কারণে গাছ উপড়ে বিদ্যুৎ লাইন ছিঁড়ে যেতে পারে। পরিস্থিতি সামাল দিতে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, ৫ হাজারেরও বেশি পরিচ্ছন্নতা কর্মী ১২ ঘণ্টার শিফটে ভাগ হয়ে রাস্তা পরিষ্কারের কাজ করবেন। ইতোমধ্যে সোমবারের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে ট্রাই স্টেইটের বেশ কিছু সিটিতে।

এদিকে, কানেকটিকাট অঙ্গরাজ্যে তীব্র শীতকালীন প্রোটোকল কার্যকর করা হয়েছে। গভর্নর নেড ল্যামন্ট জানিয়েছেন, জীবন বাঁচাতে রাজ্যজুড়ে শেল্টার বা আশ্রয়কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। যারা তীব্র শীতে আশ্রয়হীন অবস্থায় আছেন, তাদের সহায়তার জন্য বিশেষ হেল্পলাইন নম্বর ২-১-১ চালু করা হয়েছে।

নিউ ইয়র্ক ও আশপাশের অঞ্চলে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এই দুর্যোগে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। প্রবাসীদের নিরাপদ আশ্রয়ে থাকতে এবং জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় না বের হতে বাংলাদেশি কমিউনিটি লিডাররা পরামর্শ দিয়েছেন। আবহাওয়াবিদদের মতে, সোমবার দুপুর পর্যন্ত এই বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে, যার ফলে সোমবারের কর্মব্যস্ত দিনটি পুরোপুরি থমকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অধিকাংশ মসজিদে রোববার দিবাগত রাতের তারাবীহ নামাজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

ইএ