Recent event

ঈদের কেনাকাটায় জমজমাট রাজধানীর শপিংমলগুলো

রাজধানীর একটি শপিংমলের স্থিরচিত্র
রাজধানীর একটি শপিংমলের স্থিরচিত্র | ছবি: এখন টিভি
0

ঈদ মানে উৎসব, খুশি; যা বারবার ফিরে আসে মুসলিম উম্মাহ’র দুয়ারে। সেই পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর শপিংমল ও বিপণিবিতানগুলোতে জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা। নগরীর আভিজাত্যপূর্ণ বিভিন্ন শপিংমলগুলোতে ইফতারের পর থেকে মানুষের সমাগম বাড়ছে, ধীরে ধীরে বিক্রি হচ্ছে নতুন পোশাক।

এবারও নগরবাসী ভিড় এড়িয়ে চলার জন্য একটু আগেভাগেই পছন্দের পোশাক ক্রয়ে এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে বেড়াচ্ছেন, করছেন পছন্দসই কেনাকাটাও।

শপিংমল ঘুরে দেখা যায়, শিশুদের পোশাকের চাহিদার পাশাপাশি মেয়েদের থ্রি-পিস, সালোয়ার কামিজ, আনস্টিজ লনের চাহিদা রয়েছে বাজারে।

বিভিন্ন ধরনের দেশি-বিদেশি আকর্ষণীয় পোশাকের পাশাপাশি নারী-তরুণীদের মধ্যে পছন্দের শীর্ষে রয়েছে নানারকম শাড়ি, কুর্তি, টপস, লেহেঙ্গা, গাউন সেট ও ভারী কাজের ড্রেস। এবার ফ্যাশনেবল ড্রেস এবং আরামদায়ক সুতি, কাতান, মসলিন পোশাকের চাহিদাও বেশি।

আরও পড়ুন:

পুরুষদের পছন্দের তালিকায় রয়েছে শার্ট, টি-শার্ট, জিন্স, ট্রাউজার, পাঞ্জাবি, কুর্তা ইত্যাদি। ক্রেতারা জানান, ভিড় এড়াতে রমজানের শুরুতেই কেনাকাটা সেরে নিচ্ছেন তারা। তবে পোশাকের দরদাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তারা জানান, এবারের পোশাকের দর কিছুটা বেশি।

বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় এবার বেচাকেনা ভালো হবে। এবার ঈদ বাজারের প্রথম থেকেই ভালো সাড়া মিলছে, আগামী সপ্তাহ থেকে বিক্রি বাড়তে পারে। এছাড়া শুধু আমদানিকৃত পোশাকের দর কিছুটা বেশি বলেও জানান ব্যবসায়ীরা।

সাধারণত শপিংমলগুলো রমজানের শুরু থেকেই মধ্যরাত পর্যন্ত খোলা থাকে। ক্রেতা-ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে এসময়।

এসএইচ