Recent event

এশিয়ান কাপে সাফল্যের পরও বাফুফের গুরুত্বে নারী লিগ, ক্ষুব্ধ কোচ বাটলার

নারী ফুটবলারদের অনুশীলন ও কোচ পিটার বাটলার
নারী ফুটবলারদের অনুশীলন ও কোচ পিটার বাটলার | ছবি: এখন টিভি
0

ইতিহাসে জায়গা করে নিয়ে প্রথমবার নারী এশিয়ান কাপে জায়গা করে নিলেও, এর পরিবর্তে নারী লিগকে বেশি গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে এমন গুরুতর অভিযোগ করেন জাতীয় দলের কোচ পিটার বাটলার। পিটারের মতে, লিগের কারণে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ হারিয়েছেন আফঈদারা। এদিকে, মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ হারানোর জন্য বাফুফেকে দুষলেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

এশিয়ায় নারীদের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা হলো এশিয়ান কাপ। যেখানে গেল বছর ইতিহাস গড়ে নিজেদের জায়গা নিশ্চিত করেছেন আফঈদা, ঋতুপর্ণারা। এশিয়ান কাপ যাত্রা শুরুর আগে চটেছেন কোচ পিটার বাটলার।

বাফুফে ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নারীদের প্রস্তুতি নিয়ে তিনি জানান, শুধু নারী লিগকে গুরুত্ব দেয়ায় অস্ট্রেলিয়া মিশনের আগে বড় দলের সঙ্গে ম্যাচের আয়োজন করেনি ফেডারেশন।

বাটলার বলেন, ‘আর ফিলিপাইনের বিপক্ষে ১৯ ফেব্রুয়ারি খেলার কথা থাকলেও বাফুফে লিগের খেলা ১৩ ফেব্রুয়ারি শেষ হওয়ায় জটিলতা তৈরি হয়। যে সময়ে মালয়েশিয়ার সঙ্গে খেলার সময় নির্ধারণ ছিল তা নারী লিগের সূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না— যে কারণে ম্যাচ খেলা সম্ভব হয়নি।’

আরও পড়ুন:

সেখানে নারীদের এমন প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তবে কৌশলে এসব কিছুর দায় এড়ানোর চেষ্টা করেন এ চেয়ারম্যান।

বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমার ওপরে তো আরও হায়ার ওথোরেটি আছে সে কারণেই মালয়েশিয়া গিয়ে ম্যাচ খেলা হয়নি। আর আমি মনে করি, আমরা যদি দেশের বাহিরে প্রস্তুতি মূলক ম্যাচ খেলা যেত তাহলে আরও ভালো হতো।’

অনূর্ধ্ব-১৯ দল থেকে আলপি আক্তার এবং সৌরভী আকন্দের পাশাপাশি ২৬ সদস্যের দলে সুযোগ পেয়েছেন সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকি। প্রবাসী এ ফুটবলারকে নিয়ে বেশ আশাবাদী কোচ পিটার।

পিটার বাটলার আরও বলেন, ‘সে সম্ভাবনাময় এক আবিষ্কার হতে পারে। আনিকার মাধ্যমে জাতীয় দলে আরও বংশোদ্ভূত ফুটবলার আসার পথ সহজ হলো।’

গতকাল (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা শুরু করবে বাংলাদেশ দল। সেখানে এক সপ্তাহের বেশি সময় ক্যাম্প করে মূল লড়াইয়ে নামবে আফঈদা, সাগরিকারা।

জেআর