Recent event

বাসস এমডি মাহবুব মোর্শেদের দুর্নীতির অভিযোগ তদন্তে ৪ সদস্যের কমিটি

মাহবুব মোর্শেদ
মাহবুব মোর্শেদ | ছবি: এখন টিভি
1

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তে ৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগসমূহ নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পর্যালোচনার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে বলে আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) তথ্য অধিদপ্তরের জারিকৃত তথ্যবিবরণীতে এসব তুলে ধরা হয়।

আদেশ অনুযায়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গ্রেড–১) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির অন্য সদস্যরা হলেন—প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর; মহাপরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর; এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রেস–১), যিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন:

কমিটিকে অভিযোগের বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা, সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ এবং প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত শেষে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএইচ