Recent event

‘স্বপ্ন ছুঁয়ে’ কেবিনেটে আজাদ

ফরহাদ হোসেন আজাদ
ফরহাদ হোসেন আজাদ | ছবি: এখন টিভি
0

একেবারে তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদ ফরহাদ হোসেন আজাদ। ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতিতে নিজেকে বিলিয়ে দিয়েছেন এই তরুণ নেতা। দীর্ঘদিন রাজনীতির মাঠে লড়াই, বিরোধী দলের নির্যাতন সহে আজাদ হয়ে উঠেছিলেন পঞ্চগড় বিএনপির শক্ত শেকর হিসেবে।

জীবনের সোনালী দিনগুলো বিলিয়ে দিয়েছেন দলের জন্য। দলের ক্রান্তিকালে দেশের এক প্রান্ত থেকে ছুটে গেছেন অন্য প্রান্তে। দলের গণতান্ত্রিক আন্দোলন লড়াইয়ে সব সময় মাঠে সরব ছিলেন আজাদ। ২০১৮ সালের নির্বাচনে তিনি প্রথম পঞ্চগড়-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে অংশগ্রহণ করেন। বিতর্কিত ওই নির্বাচনে লক্ষাধিক ভোট পান তরুণ এই নেতা। এবার নির্বাচনে ওই আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছে ফরহাদ হোসেন আজাদ। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থী শফিউল আলম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ২৮ হাজার ৮৬২ ভোট। প্রায় ৪৬ হাজার ভোটে জয় পেলে প্রথমবারের মতো সংসদে পা রাখলেন আজাদ।

শুধু তাই নয় সংসদ থেকে প্রথমবারেই জায়গা পেয়েছেন কেবিনেটেও। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) শপথ নেন তিনি। দল এই ত্যাগী নেতাকে মূল্যায়ন করতে ভোলেনি। স্বাধীনতার পরে এই আসনে বোদা ও দেবীগঞ্জ উপজেলায় প্রথম বিএনপি মন্ত্রী পেলো স্থানীয়রা। এদিকে ফরহাদ হোসেন আজাদকে প্রতিমন্ত্রী করায় পঞ্চগড়ে বিএনপির নেতাকর্মীরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে।

আরও পড়ুন:

ফরহাদ হোসেন আজাদের বাড়ি বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মেনাগ্রামে। তবে বোদা পৌরসভা ও পঞ্চগড়েও বাড়ি আছে তার। ছাত্র রাজনীতির মাধ্যমে উঠে আসা ফরহাদ হোসেন রাজশাহী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মুজিব হলের আহ্বায়ক, ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ছিলেন।

পরে তিনি যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পান। বর্তমানে ফরহাদ হোসেন আজাদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া পঞ্চগড় জেলা ফুটবল ফেডারেশনের আহ্বায়ক এবং বাফুফের জাতীয় ফুটবল লিগের সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে আছেন।

এসএস