Recent event

আইসিসির সঙ্গে জরুরি বৈঠকে অংশ নিতে পাকিস্তানে বুলবুল

পাকিস্তানে বিসিবি সভাপতি বুলবুল
পাকিস্তানে বিসিবি সভাপতি বুলবুল | ছবি: সংগৃহীত
0

আইসিসির সঙ্গে বৈঠকে অংশ নিতে পাকিস্তানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ধারণা করা হচ্ছে, ক্রিকেট বিশ্বের চলমান অস্থিরতা কাটাতে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে বৈঠকে বসবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। তিনপক্ষের সভায় পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও লোভনীয় কিছু প্রস্তাব দেবে আইসিসি, দাবি পাকিস্তানী গণমাধ্যমগুলোর। বৈঠকটি আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে আইসিসির অন্যান্য বোর্ড সদস্যরাও যুক্ত থাকবেন।

বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে আরও বড় জটিলতায় আইসিসি। বিসিবিকে সমর্থন জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাতে আর্থিকভাবে বড় লোকসানের মুখে বিশ্ব ক্রিকেট।

চলমান এ অস্থিরতার মাঝেই আজ ভোরে আইসিসির সঙ্গে বৈঠক করতে পাকিস্তানের লাহোরে উড়াল দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বোর্ডের একজন পরিচালক মুঠোফোনের ক্ষুদেবার্তায় এখন টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে লাহোরের এ সফরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকের প্রশ্নে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বিসিবির এ পরিচালকের কাছে।

পাকিস্তানী গণমাধ্যমগুলো বলছে, ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচটি যেকোনো মূল্যে আয়োজন করতে চায় আইসিসি। তারই প্রেক্ষিতে দেশটিকে দেয়া হবে বেশকিছু লোভনীয় প্রস্তাব। আগামী চক্রে লভ্যাংশ বাড়ানোর পাশাপাশি পাকিস্তানকে এককভাবে একটি বৈশ্বিক আসর আয়োজনের প্রস্তাব দিতে পারে আইসিসি। যার অর্থ, ভারতকেও যেতে হবে পাকিস্তানে।

আরও পড়ুন:

বাংলাদেশের বিশ্বকাপে অংশ না নেয়ার ফলেই যেহেতু সব জটিলতার সূত্রপাত তাই এবার বুলবুলদেরকেও পাশে টানতে চায় আইসিসি। পাকিস্তানী গণমাধ্যমগুলো বলছে, বিশ্বকাপে বাদ দেয়ার কারণে যে আর্থিক ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ, সেটি পরিশোধ করবে আইসিসি। একইসঙ্গে এফটিপিতে বাড়তে পারে সিরিজের সংখ্যাও।

বৈঠক শেষে বিকেলেই দেশে ফেরার কথা রয়েছে বিসিবি সভাপতির। দেখার অপেক্ষা, লাহোর থেকে কোন সুসংবাদ নিয়ে আসতে পারেন কি না আমিনুল ইসলাম বুলবুল!

এফএস