Recent event

শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই বিশ্রাম নিলেন জামায়াত আমির

মঞ্চে বিশ্রাম নিলেন জামায়াত আমির
মঞ্চে বিশ্রাম নিলেন জামায়াত আমির | ছবি: এখন টিভি
0

ঝালকাঠিতে নির্বাচনি জনসভা শেষে ব্যতিক্রমী এক দৃশ্যের অবতারণা হয়। শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই কিছুক্ষণ বিশ্রাম নিতে দেখা গেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে। অল্প সময়ের জন্য তিনি মঞ্চে শীতল পাটি বিছিয়ে তাতে শুয়ে পড়েন। এসময় উপহার প্রদানকারী দুই সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন তিনি।

আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি জেলা শহরের বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভা শেষে এ হৃদয়স্পর্শী দৃশ্যটি উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

এর আগে জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, ‘কেউ যদি শক্তি প্রয়োগ করে ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে, তাহলে জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। এ ধরনের ঘটনায় মামলা হলে যেন তার নামেই মামলা করা হয়—এতে তিনি ভয় পান না।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘তারা এমন বাংলাদেশ চান না, যেখানে মা-বোনদের ইজ্জতের কোনো নিশ্চয়তা নেই। তাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র গড়া, যেখানে নারীরা ঘরে ও বাইরে, কর্মক্ষেত্রে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদে চলাফেরা করতে পারবেন।’

তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান এবং বলেন, ‘কোনো ধরনের অনিয়ম বা সহিংসতা বরদাশত করা হবে না।’

জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতের শীর্ষ নেতারাসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এসএস