সিঙ্গাপুর ম্যাচে জিদান-সুকিকে খেলানোর পরামর্শ এমিলির

সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি
সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি | ছবি: এখন টিভি
0

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে রক্ষণে জিদান ইউসুফ এবং আক্রমণে সুকি ইতোফুসাকে দেখতে চান জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। সেইসঙ্গে সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে সোহেল রানার বিকল্প কাউকে তৈরির বিষয়েও ভাবতে চান সাবেক এ স্ট্রাইকার। তবে, দল নির্বাচনে কোচ থমাস ডুলির সচেতনতা নিয়েও প্রশ্ন আছে তার।

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটা একেবারেই ভালো যায়নি বাংলাদেশের জন্য। রক্ষণ থেকে আক্রমণ কোনো দিক থেকেই কোচ থমাস ডুলির পরিকল্পনা ঠিকমতো বোঝা যায়নি ম্যাচে। পরিকল্পনাহীন ফুটবলের খেসারত দিয়ে বাংলাদেশ ম্যাচ হেরেছে ৩-০ ব্যবধানে। পরের ম্যাচের আগে তাই প্রতিপক্ষের চেয়ে নিজেদেরকে ভালোভাবে বোঝার দায় আছে বাংলাদেশের।

আগের ম্যাচের মলিন পারফরম্যান্স আর শিশুসুলভ ভুলের কারণে অনেকের কাছেই খলনায়ক শাকিল আহাদ তপু। বিপরীতে বংশোদ্ভূত তারকা জিদান ইউসুফ মাঠে নেমে রক্ষণে দিয়েছিলেন স্থিরতা।

অন্যদিকে সিনিয়র সোহেল রানাকে নিয়ে প্রশ্ন অনেকদিন ধরেই। দলের সঙ্গে যোগ দেয়ার পরপরই ফারহান ওয়াহিদকে শুরুর একাদশে নামিয়ে দেয়ায়ও হয়েছে সমালোচনা। সঙ্গে মালয়েশিয়ার বিপক্ষে নিষ্ক্রিয় আক্রমণভাগ নিয়েও উঠেছে প্রশ্ন। সবমিলিয়ে পরের ম্যাচেই শুরুর একাদশে বেশকিছু পরিবর্তনের পরামর্শ সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলির।

আরও পড়ুন

সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেন, ‘জিদান ইউসুফ ভালো করেছে। আমরা জিদানকে স্টার্ট করাব, কিন্তু তার সঙ্গে তার পার্টনার কে হবে? হ্যাঁ, সো রাইট ফুলব্যাক, লেফট ফুলব্যাক ভালো করেছে। মিডফিল্ডে আমার কাছে মনে হয় যে একটা পরিবর্তন হয়তো হতে পারে। কারণ আপনার দলে কিন্তু অপশন আছে। যেহেতু আপনার দলে অপশন আছে আমার মনে হয় হামজার পার্টনার সোহেল রানা থাকবে কিনা।’

‘যদি সোহেল রানা থাকে তার সামনে শোমিত সোম ডেফিনেটলি এককস। তো দুই উইং স্ট্রাইকার কে হবে? আমি কোনোভাবেই প্রেফার করি না রাকিবকে নাম্বার নাইনে। রাকিব তার ন্যাচারাল পজিশন যেটা রাইট উইং স্ট্রাইকার, ওখান থেকে স্টার্ট করুক। ফারহান আলী ওয়াহিদ আদারওয়াইজ সুকিকে আমি চাইব লেফট স্ট্রাইকার হিসেবে। আমার মনে হয় সুকি যেহেতু নেমে ভালো করেছে, সো আমার মনে হয় যে সুকিকে দিয়ে স্টার্ট করানোটা ভালো। মোরসালিন যদি পুরো ফিট থাকে, নাম্বার নাইনে আমি মোরসালিনকে দেখতে চাই।’

শুরুর একাদশ নিয়ে সামাজিক মাধ্যমে নানা মত চালু আছে। কোচ থমাস ডুলিও বেশ সক্রিয় নানা মাধ্যমে। তবে কোচকে সব মতের বাইরে থাকার দিকেই তাগিদ জাহিদ হাসান এমিলির।

জাহিদ হাসান এমিলি বলেন, ‘থমাস ডুলি ইজ ভেরি হাই-প্রোফাইল কোচ, প্রফেশনাল কোচ। সে যদি এ দিকগুলি বিবেচনা করে যদি টিম স্টার্টিং ইলেভেন সাজায় বা এগুলিও সে যদি ফলোও করে, এটা আমি মনে করি যে একদম ঠিক হবে না। কারণ সোশ্যাল মিডিয়ায় আমরা যারা প্লেয়ার রয়েছি বা আপনারা যারা মিডিয়া, আমরা অনেক কথা বলব। এই দিকগুলি বিবেচনা করে কিন্তু সে তার গেম প্ল্যান সাজাতে পারবে না।’

সাবেক এ স্ট্রাইকারের প্রত্যাশা, ম্যাচের ফলাফল যেমনই হোক চেনা প্রতিপক্ষ সিঙ্গাপুরের বিপক্ষে ইতিবাচক ফুটবলই উপহার দেবে বাংলাদেশ দল ।

জেআর