Recent event

প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনা করি: শফিকুর রহমান

জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | জামায়াত আমিরের ফেসবুক
1

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার মাধ্যমে নিজ নিজ দলের ইশতেহার জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

ডা. শফিকুর রহমান তার বার্তায় জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে এক নতুন ধারার রাজনীতির প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের পর, আমাদের তরুণ প্রজন্মের কাছে এটি প্রমাণ করা আমাদের দায়িত্ব যে রাজনীতি সৌজন্যমূলক এবং সংঘাতহীন হতে পারে। আসুন, আমরা গণমাধ্যম এবং জনগণের চুলচেরা বিশ্লেষণের মুখোমুখি হই এবং ভবিষ্যতের শাসনব্যবস্থার জন্য একটি মানদণ্ড নির্ধারণ করি, যা হবে সমালোচনা গ্রহণে সক্ষম, দায়বদ্ধ এবং স্বচ্ছ।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘যেহেতু আপনি আপনার পরিকল্পনা পেশ করেছেন, তাই আমি আপনাকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেখানে আমরা নিজ নিজ ইশতেহার জাতির সামনে তুলে ধরব এবং জনগণকেই সিদ্ধান্ত নিতে দেবো।’

জামায়াত আমির তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, ‘আসুন, বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে আমরা সবাই জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল থাকার অঙ্গীকার করব।’

এছাড়া একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কেবল বৈধতা অর্জিত হয় বলে উল্লেখ করেন তিনি। স্বচ্ছতা ও জনমানুষের আস্থা ছাড়া কোনো ফলাফলই জনগণের বিশ্বাস অর্জন করতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।

এসএইচ