Recent event

প্রচলিত আইনে দেশ চললে মানুষের মুক্তির কথা চিন্তাও করা যায় না: রেজাউল করীম

রেজাউল করীম
রেজাউল করীম | ছবি: এখন টিভি
1

প্রচলিত আইনে দেশ পরিচালিত হলে মানুষের শান্তি ও মুক্তির কথা চিন্তাও করা যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় প্রার্থী নজরুল ইসলামের সমর্থনে আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।

রেজাউল করীম বলেন, ‘বিএনপি ও নেতৃত্বাধীন জোট যে নীতি-আদর্শ বাস্তবায়ন করতে চায়, সেই নীতি-আদর্শ অনুযায়ী বাংলাদেশ প্রায় ৫৪ বছর চলছিল। তাদের নীত-আদর্শের নাম হলো প্রচলিত গণতন্ত্র। যার প্রবর্তক হলো আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর আমিরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা পরিষ্কারভাবে বলেছে তারা ক্ষমতায় যেতে পারলে ইসলাম অনুযায়ী দেশ চালাবে না, তারা দেশ চালাবে প্রচলিত আইনের মাধ্যমে। প্রচলিত আইনের মাধ্যমে আমাদের দেশ ৫৪ বছর চলেছিল, আবার নতুনভাবে এ নীতি-আদর্শের মাধ্যমে যদি দেশ পরিচালিত হয় তাহলে মানুষের শান্তি ও মুক্তির কথা চিন্তাও করা যায় না। ভালো নীতি চাই, ভালো নেতা চাই। এছাড়া জাতির মুক্তি নাই।’

আরও পড়ুন:

ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠার জন্যে, বাংলাদেশের মানুষের মুক্তির জন্যে— বিশেষ করে বারবার যারা ক্ষমতায় এসেছিল, যাদের মাধ্যমে হাজার হাজার মায়ের কোল সন্তানহারা হয়েছে, সেই শব্দগুলো আমাদের কানে ধ্বনিত হচ্ছে- যখন মা চিৎকার করে বলছিল আমার সন্তান আমাকে মা বলে ডাকবে না। এ চিৎকার আমরা শুনতে চাই না। আমাদের দেশের টাকা বিদেশে পাচার হোক আমরা চাই না। এজন্য পরিবর্তনের জন্যে এতবড় ঝুঁকি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে ইসলামের পক্ষে হাতপাখা প্রতীক নিয়ে ২৫৮ আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি।’

তিনি বলেন, ‘অনেকে মনে করে আমরা একা হয়ে গেছি। আমরা একা হইনি। আমাদের সঙ্গে আল্লাহ আছেন। যারা এ দেশকে ভালোবাসে, সেই দেশপ্রেমিকরা আমাদের সঙ্গে রয়েছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের নবীনগর উপজেলার সভাপতি জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে জনসভায় ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের প্রার্থী নজরুল ইসলাম, জেলা কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম আজাদসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এসএস