ভুটানের বিপক্ষে ১২-০ গোলের জয় দিয়ে শুরু। সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে বাংলাদেশের যাত্রাটা ছিলো দারুণ। তবে আঞ্চলিক ফুটবলে বরাবরের মতোই বাংলাদেশের জন্য বড় বাধা ভারত। রাউন্ড রবিন লিগের দ্বিতীয় ম্যাচে সে ভারতের বিপক্ষেও জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। পিটার বাটলারের চিরায়ত আক্রমণাত্মক ফুটবলের সুবাদে একপেশে ম্যাচে সহজ জয় পায় মেয়েরা।
নেপালের পোখারায় ম্যাচ ২-০ গোলে জিতলেও ব্যবধান হতে পারতো আরও বড়। শুরু থেকেই দারুণ ছন্দে থাকা বাংলাদেশ গোলমুখে এসে খেই হারিয়েছে বারবার। তবে লিড চলে আসে ম্যাচের প্রথমার্ধেই। ২৯ মিনিটে সেট পিস থেকে ভারতের দূর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে গোল আদায় করেন অর্পিতা বিশ্বাস। ক্লোজরেঞ্জ ফিনিশে স্কোরলাইন হয় ১-০।
পরের গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের আরও কিছুটা সময়। বামপ্রান্ত থেকে আসা বলে পা ছুঁইয়ে গোল করেন ফরোয়ার্ড আলপি আক্তার। ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় দল।
আরও পড়ুন:
দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না পেলেও নিজেদের রক্ষণ ভালোভাবেই সামাল দিয়েছে পিটার বাটলার শিষ্যরা। তাতে জয় নিয়েই মাঠ ছেড়েছে দল। দলের পারফরম্যান্সে সন্তুষ্টি কথা কোচ পিটার বাটলারের কণ্ঠেও।
বাংলাদেশের ফুটবল দলের হেড কোচ পিটার বাটলার বলেন, ‘আমার মনে হয় না, আমি স্ট্রাইকারদের তুলে নিয়েছি। চোট সমস্যা ছিলো দলে, সুরভির চোট ছিলো। প্রীতি, তৃষ্ণাও একটু আঘাত পেয়েছিল, কিন্তু ৭৫ মিনিট পর্যন্ত আমি তাদের তুলে নেইনি। ম্যাচের আগে ক্রানুচিংয়ের ঘাড়ে ব্যথা ছিলো, তাই সে লড়াই করছিল বলে তাকে তুলে নিয়েছিলাম।’
দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ১৪ গোল দিয়ে এরইমধ্যে আসরের ফাইনালও অনেকটাই নিশ্চিত করে ফেলেছে লাল সবুজের প্রতিনিধিরা।




