গত এক সপ্তাহের ভয়াবহ শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ। এরই মধ্যে বোম্ব সাইক্লোনের প্রভাবে নর্থ ও সাউথ ক্যারোলাইনা, টেনিসি, ভার্জিনিয়া, জর্জিয়াসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বরফ পড়েছে ৮ থেকে ২২ ইঞ্চি পর্যন্ত। এসব অঞ্চলের তাপমাত্রা বইছে হিমাঙ্কের নিচে।
স্মরণকালের ভয়াবহ তুষারপাতের মুখে ক্রমাগত বিদ্যুৎ বিভ্রাট বিপর্যস্ত করে তুলেছে যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের জীবন। বিদ্যুৎবিহীন অবস্থায় প্রাণঘাতী ঠান্ডা থেকে বাঁচাতে হিমশিম খাচ্ছে তারা। তীব্র শীত ও তুষারপাতের মধ্যে আশ্রয় খুঁজছে গৃহহীন মানুষ। বিপজ্জনক হয়ে পড়েছে যান চলাচল।
এদিকে, তীব্র শীতে আংশিক জমে গেছে কানাডার নায়াগ্রা ফলস। তুষারপাতে জলপ্রপাতটি ভিন্ন এক রূপ ধারণ করেছে। জলপ্রপাত দিয়ে গড়িয়ে পড়ছে বরফের টুকরো। পুরো অঞ্চল ঢেকে গেছে বরফে এবং নদীর ওপর ভাসমান বরফের আকর্ষণীয় দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন দেশি-বিদেশি পর্যটকেরা।
পর্যটকরা জানান, শীতকালে নায়াগ্রা ফলসের দেখার অভিজ্ঞতা একেবারেই ভিন্ন। এ মনোরম দৃশ্য কানাডার গর্ব।
কয়েক সপ্তাহ ধরে হিমাঙ্কের নিচে তাপমাত্রার কারণে বরফে ঢেকে গেছে পোল্যান্ডের দীর্ঘতম নদী ভিস্তুলা। ভাসমান এ বরফ ছুঁয়েছে বাল্টিক সাগরকে। যা বিরল ঘটনা। তীব্র ঠান্ডায় দ্রুত জমে যাওয়ায় ওডার ও ভিস্তুলা নদীতে বন্ধ রয়েছে বরফ ভাঙার কাজও।
আরও পড়ুন:
এদিকে, পোল্যান্ডের বন্দর নগরী গডানস্কের নদীগুলোও জমে গেছে বরফে। হিমায়িত নদীগুলো হয়ে উঠেছে আকর্ষণীয় পর্যটন স্পট। বরফ জমাট নদী ও হ্রদের ওপর চলছে স্কেটিং ও সাইকেলিং।
প্রায় এক মাস যাবৎ তীব্র তুষারপাত হচ্ছে ইউরোপের দেশ জার্মানিতে। এতে বরফে পরিণত হয়েছে দেশটির ছোট বড় বেশিরভাগ হ্রদ ও জলাশয়। বন্ধ হয়ে আছে নৌ চলাচল। হিমায়িত এসব জলাশয়গুলো এখন শীতকালীন ক্রীড়াপ্রেমীদের কাছে হয়ে উঠেছে খেলার মাঠ।
স্থানীয় একজন বলেন, ‘যেভাবে চারপাশে বরফ জমেছে তা সত্যিই বিস্ময়কর। আশেপাশের সমস্ত গাছপালা, রাস্তাঘাট সবই বরফে ঢাকা পড়েছে যা দেখতে খুবই সুন্দর দৃশ্য।’
দুই'শ বছরের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাতের কবলে পড়েছে রাশিয়ার রাজধানী মস্কো। কিছু এলাকায় সড়কে বরফ জমেছে কোমর পর্যন্ত। মস্কোসহ বেশ কয়েকটি অঞ্চলে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। বন্ধ হয়ে গেছে বিমান চলাচল।
এদিকে, তীব্র শীতের মধ্যে বৃষ্টিপাতে বিপর্যস্ত ইউক্রেনের জনজীবন। আগামী কয়েকদিন দেশটির তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া, হিমশীতল আবহাওয়ার মধ্যে জ্বালানি সংকটে ভুগছে ইউক্রেনের বেশিরভাগ শহর।
তীব্র তুষারপাত অব্যাহত রয়েছে এশিয়ার দেশ জাপানেও। দেশটি উত্তর ও পশ্চিমাংশে রেকর্ড ৫ থেকে ৮ ফুট উচ্চতার বরফ জমেছে। যা ১৯৪৫ সালের পর সর্বোচ্চ। জাপান সাগরের উপকূলের কিছু অংশেও ভারী তুষারপাত রেকর্ড করা হয়েছে।





