নিরাপত্তা শঙ্কাকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ থেকে এরইমধ্যে বাংলাদেশকে বাদ দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসির এমন অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে নিজেদের বিশ্বকাপ অংশগ্রহণও আপাতত অনিশ্চয়তায় রেখে দিয়েছে পাকিস্তান।
এরইমধ্যে নিজেদের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করেছে টি-টোয়েন্টির সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এমন দোলাচলের মাঝেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ সন্ধ্যায় বৈঠকে বসবেন পিসিবি সভাপতি মহসিন নাকভি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ তাদের খবরে জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বৈঠকটি শুরু হবে। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তই আসতে পারে পাকিস্তানের সরকারপ্রধানের কাছ থেকে। আর বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়া হলে বিকল্প এক টুর্নামেন্ট ঘোষণা করা হবে।
আরও পড়ুন:
জিও নিউজের দাবি, বৈশ্বিক আসরে না গেলে চার দলের টুর্নামেন্ট খেলা হবে। পাকিস্তান জাতীয় দল এবং অনূর্ধ্ব-১৮ শাহীনরা চার দলে ভাগ হয়ে এ টুর্নামেন্টে অংশ নেবেন। যার সবকটা ম্যাচই হবে লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে। যদিও টুর্নামেন্টের রূপরেখা কেমন হবে, তা নিয়ে স্পষ্ট কোনো ধারণা দেয়া হয়নি।
এর আগে গেল সপ্তাহে পিসিবি প্রধান ও শেহবাজ শরীফ একই ইস্যুতে বৈঠক করেন। সেবারে অবশ্য জানানো হয়েছিল, বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত গ্রহণে দেশের এবং ক্রিকেটের উন্নয়নের কথাই বিবেচনায় রাখা হবে।





