সব স্বপ্ন সত্য হয়না, সব রূপকথার শেষটা মধুর হয় না— ফুটবলের এই নির্মম সত্যেরই যেন পুনরাবৃত্তি হলো যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে স্তব্ধ করে দিয়ে ফুটবল বিশ্বের নতুন সিংহাসনে আরোহণ করলো স্পেন। আর এই পরাজয়ের সাথে সাথেই রাতের নীরবতায় স্তব্ধ চট্টগ্রামের আর্জেন্টাইন ফ্যানরা।
অথচ এই মহারণকে ঘিরে চট্টগ্রামের পাড়ায় পাড়ায় বড় পর্দায় খেলা দেখার ধুমধাম আয়োজন করা হয়েছিলো। নগরের চেরাগী মোড় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কাজির দেউড়ি মোড়, দুই নম্বর গেট থেকে নগরের বহু ওলিগলি, সব জায়গাই রূপ নিয়েছিলো মিনি স্টেডিয়ামে। এই ফাইনাল ম্যাচটি দল-মত, ধর্ম আর বয়স ভুলে চট্টগ্রামের সব মানুষকে এক করেছিলো।
ভক্তরা জানান, কেবল মেসিকে শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে দেখতে ভিড় করেছেন হাজার হাজার দর্শক।
আরও পড়ুন:
মূল ৯০ মিনিটের খেলা গোলশূন্য থাকায় শুরু থেকেই আর্জেন্টিনা ফ্যানদের মধ্যে হতাশা ও উদ্বেগ দানা বাধে। তবে শেষ মুহূর্তের নাটকীয়তা ও পাল্টাপাল্টি আক্রমণ ছড়ায় চরম উত্তেজনা। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে স্পেন গোল দিলে, সেই গোল আর শোধ করতে পারেনি মেসিরা।
ভুভুজেলা আর স্পেনের পতাকায় নগরের রাজপথ মাতিয়ে তোলেন স্পেনের সমর্থকরা। তাদের মতে, পুরো টুর্নামেন্টে স্পেন যে পাসিং ফুটবল আর রক্ষণভাগের মুন্সিয়ানা দেখিয়েছে, তাতে এই ট্রফি তাদেরই প্রাপ্য ছিলো।
প্রিয় তারকার বিদায়ী বিশ্বকাপটা এভাবে বিষাদে রূপ নেবে, তা যেন ভাবতেই পারছেন না আর্জেন্টিনার ফুটবল ভক্তরা। তবে হার-জিতের এই চিরন্তন সমীকরণ মেনে নিয়েই, আরেকটি রোমাঞ্চকর বিশ্বকাপ দেখার অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরেছেন চাটগাঁয়ের ফুটবলপ্রেমীরা।




