শেষ মহালগ্নে দাঁড়িয়ে: মেসির মুকুট রক্ষা নাকি ইয়ামালের নতুন সাম্রাজ্য?

মেসি ও ইয়ামাল
মেসি ও ইয়ামাল | ছবি: সংগৃহীত
0

৪০ দিনের যুদ্ধ শেষ। এবার প্রতীক্ষা সমাপ্তির। ২০২৬ বিশ্বকাপের ইতিকথায় কে লিখবেন যুদ্ধজয়ের গল্প, তারই মঞ্চায়ন হবে আজ। মুখোমুখি হবে দুই মহাদেশের চ্যাম্পিয়ন দুই দল আর্জেন্টিনা ও স্পেন। আরও একবার লিওনেল মেসিই ট্রফি উঁচিয়ে ধরবেন নাকি বিশ্বজয়ের বার্তা নিয়ে হাজির হবেন লামিন ইয়ামাল?

১১ জুন থেকে ১৯ জুলাই। দীর্ঘ ১ মাস ৮ দিন আপনি বুঁদ হয়ে ছিলেন ফুটবল মহাযজ্ঞে। রোজকার ব্যস্ততার পরও ক্লান্ত দেহে রাত জেগেছেন, ঢুলুঢুলু চোখে সাক্ষী হয়েছেন কত মহাকাব্যিক লড়াইয়ের!

এতগুলো দিন ধরে লড়েছে ওরাও। ৪৮টা দেশ জড়ো হয়েছিল আটলান্টিক পাড়ের তিন দেশে। রোনালদো-নেইমাররা পারেননি। এমবাপ্পে, হ্যারি কেইন-হ্যালান্ডরাও ছিটকে গেছেন। কালের খেয়ায় ভেসে এরইমাঝে নিজ দেশে পাড়ি জমিয়েছে ৪৬টা দল।

বাকি রইলো কেবলই দুই। আজ সেই লড়াই। সোনালী ট্রফিটায় চুমু আঁকতে কত দিনমান এক করে শরীর-মন সবকিছুর সঙ্গে লড়াই চালিয়েছেন তারা! বছরের পর বছরের সাধনা, পরিশ্রম আর নিবেদন সবটুকু ঢেলে দিয়েছেন- কেবল একটা ট্রফির জন্য।

আজ মুখোমুখি আর্জেন্টিনা বনাম স্পেন। মুখোমুখি দুই প্রজন্মের প্রতিনিধি লিওনেল মেসি আর লামিন ইয়ামাল। একজন স্বাদ পেয়েছেন সোনালী ট্রফিটার। আবার জানেন শেষ ধাপ থেকে শূন্য হাতে ফেরার বিষাদ কেমন! আরেকজন বিশ্বজয়ের পথে হাঁটি হাঁটি পা পা করে এগোচ্ছেন।

সমালোচকরা বলেন, এই মঞ্চের প্রতিটা পদক্ষেপ নাকি স্ক্রিপ্টেড! হতেও পারে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের পর যে দুই দলের মুখোমুখি হওয়ার কথা, মধ্যপ্রাচ্যের যুদ্ধাবহ পরিস্থিতি তাতে পানি ঢেলে দিয়েছিল ঠিকই। কে জানতো, বিশ্বকাপের মঞ্চেই মুখোমুখি হবে ঠিক সে-ই দল দু'টোই।

আবার নিজের উঠতি বয়সে যে লামিন ইয়ামালের জন্য আশীর্বাদের হাত বাড়িয়েছিলেন লিওনেল মেসি, আজ একই মঞ্চে তারই মুখোমুখি হচ্ছেন তিনি! ঐশ্বরিক স্ক্রিপ্টই হয়তো।

কিংবা ধরুন লিওনেল মেসির কথাই। অনেকে বলেন, তিনি নাকি এই গ্রহেরই কেউ নন। প্রজন্মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ৩৯ বছর বয়সে যিনি একার হাতে দলকে টেনে তোলেন ফাইনালের মঞ্চে, তিনি কি আর ধরাধামের কেউ হতে পারেন?

মেসি কিংবা ইয়ামাল নন, এই মঞ্চে নায়ক বনে যেতে পারেন যে কেউ। দলের একেবারে অখ্যাত খেলোয়াড়টা রাতারাতি বনে যেতে পারেন বিখ্যাত কেউ, হয়ে উঠতে পারেন সবচেয়ে মূল্যবান রতন, পেতে পারেন বিশ্বজয়ের মুকুট।

এই ম্যাচ নিয়ে নানা কথা হবে। কোটি কোটি চোখ উন্মুখ হয়ে তাকিয়ে রবে। চুলচেরা বিশ্লেষণও হবে। কাগজ-কলমের লড়াই, বিগত দিনগুলোর হিসাব-নিকাশ, পরিসংখ্যান, কত আলাপই না হবে! তবে মাঠের লড়াই মানে না কোনকিছুই এই যুদ্ধে ট্যাংগো নাকি টিকিটাকা কাদের জয় হবে, তারই অপেক্ষায় গোটা দুনিয়া।

ইএ