রোববার ভোরে ব্রাজিল-মরক্কো মহারণ

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপে মুখোমুখি ব্রাজিল ও মরক্কো
ফিফা বিশ্বকাপে মুখোমুখি ব্রাজিল ও মরক্কো | ছবি: সংগৃহীত
1

বিশ্বকাপ ফুটবলের মহারণে আগামীকাল (রোববার, ১৪ জুন) মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিউ ইয়র্কের মাটিতে প্রথম ম্যাচে সেলেসাওদের পতিপক্ষ আফ্রিকার সিংহ মরক্কো, ম্যাচ শুরু ভোর ৪টায়।

বিশ্বকাপ দু’দিন আগে শুরু হলেও ব্রাজিলিয়ান সমর্থকদের বিশ্বকাপ আমেজ শুরু হচ্ছে রোববার। কেননা এ দিন ভোরে মাঠে নামছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। তাদের প্রতিপক্ষ আফ্রিকান পরাশক্তি মরক্কো। ইউরোপীয় ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপা যার শো-কেসে, সেই কার্লো আনচেলত্তিকেও হয়তো পেয়ে বসেছে বিশ্বকাপের মহোৎসব শুরুর আগে কিছুটা রোমাঞ্চ আর মৃদু অস্বস্তি।

অনুশীলনে ব্রাজিল ফুটবল দল |ছবি: সংগৃহীত

আনচেলত্তি বলেন, ‘আমি আবারও বলবো, ভয় ভয় জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আপনার যদি ভয় না থাকে তবে আপনি একটি সিংহকে দেখে বিড়াল ভেবে ভুল করতে পারেন। তাই ভয় অত্যন্ত জরুরি, এটা জীবন বাঁচায়। তবে দলের ওপর আমার অনেক অনেক আত্মবিশ্বাস আছে। প্রথম ম্যাচ এবং পুরো বিশ্বকাপ নিয়ে আমি আশাবাদী।’

ব্রাজিল শিবিরে বড় দুশ্চিন্তার নাম নেইমারের ইনজুরি। তবে আশার কথা হলো, পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা এই পোস্টার বয় আগামী সপ্তাহেই ফিরতে পারেন স্কোয়াডে। নেইমার না থাকলেও আনচেলত্তির বড় ভরসার নাম ভিনিসিয়াস জুনিয়র।

রিয়াল মাদ্রিদের চেনা গুরুকে জাতীয় দলেও পেয়ে দারুণ স্বস্তিতে আছেন এই ফরোয়ার্ড। মাঠের লড়াইয়ে নিজের সেরাটা দিয়ে দেশের জন্য ইতিহাস লিখতে মরিয়া ভিনি।

আরও পড়ুন:

আধুনিক ফুটবলে কোনো দলই যে ছোট নয়—তা ভালো করেই জানেন আনচেলত্তি। ইউরোপের বিভিন্ন লিগে খেলা মরক্কোর তারকাদের রুখতে রক্ষণ ও আক্রমণে ভারসাম্য বজায় রাখার ছক কষছেন সেলেসাওরা।

মাঠের লড়াইয়ে নামার আগে মরক্কো শিবিরও ব্রাজিলকে জানাচ্ছে সর্বোচ্চ সম্মান। ভিনিসিয়াস-রাফিনিয়াদের আটকাতে দলগত ডিফেন্সের ছক কষছেন আশরাফ হাকিমিরা। কাগজে-কলমে ব্রাজিল যতই ফেভারিট হোক না কেন, নিউ ইয়র্কের মাঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ছাড় দিতে নারাজ আফ্রিকান লায়নরা।

আশরাফ হাকিমি বলেন, ‘আমরা জানি আমাদের প্রতিপক্ষ কারা। ব্রাজিল যেমন প্রস্তুত আমরাও তৈরি বিশ্বমঞ্চে এ লড়াইয়ের জন্য। ব্রাজিলের বিশ্বমানের খেলোয়াড় আছে। মরক্কোতেও আমাদের আফ্রিকান ব্রাজিল বলে সবাই জানে।’

রোববার ভোর ৪টায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা গত আসরের সেমিফাইনালিস্টদের সাথে ম্যাচটা কীভাবে শুরু করে সেটা সেটাই দেখতেই অধির আগ্রহে কোটি ফুটবল ভক্তরা।

এসএইচ