মহারণে বার্সা-রিয়াল: শিরোপা নাকি প্রতিশোধ?

বার্সা-রিয়াল
বার্সা-রিয়াল | ছবি: এখন টিভি
0

ফুটবল বিশ্বের পরম আকাঙ্খিত লড়াই এল ক্লাসিকো আজ (রোববার, ১০ মে) বাংলাদেশ সময় রাত ১টায় ঘরের মাঠ ন্যু ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। একদিকে মৌসুমে লিগে প্রথম দেখায় রিয়ালের কাছে হারের প্রতিশোধ নেয়ার সুযোগ বার্সার সামনে, অন্যদিকে আজ এক পয়েন্ট পেলেই নিশ্চিত হবে কাতালান ক্লাবটির লিগ শিরোপা। অবশ্য ড্রেসিং রুম অস্থিরতায় টালমাটাল রিয়ালও চাইবে জয় তুলে নিতে।

রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা। খাতা কলমের হিসেবে এটা শুধুই একটা ম্যাচ। কিন্তু দুই দলের কাছে? প্রসঙ্গ যখন রিয়াল-বার্সার লড়াই, সেটি আর সাধারণ ম্যাচ থাকে না। হয়ে ওঠে মর্যাদা আর আভিজাত্যের যুদ্ধ। তাই দুই দলের লড়াইকে ডাকা হয় এল ক্লাসিকো নামে। লা লিগার মঞ্চে মৌসুমের শেষ এল ক্লাসিকোতে আজ ফের মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

বার্সেলোনার জন্য আজকের ম্যাচ একটু বেশিই স্পেশাল। চলতি মৌসুমে লিগে প্রথম দেখায় রিয়ালের কাছে হেরেছিল বার্সা। এরপর লস ব্লাঙ্কোরা সামাজিক মাধ্যমে চিরপ্রতিদ্বন্দ্বীদের নিয়ে ট্রলে মেতে ওঠেন। আজ রিয়ালকে হারিয়ে সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ পাচ্ছে কাতালান ক্লাবটি।

আরও পড়ুন

এছাড়া আজ জিতলে ৩ ম্যাচ হাতে রেখে লিগ নিজেদের করে নেবে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে তাদের সামনেই লিগ শিরোপা নিয়ে আনন্দের সুযোগ নিশ্চয় হারাতে চাইবে না হান্সি ফ্লিকের শিষ্যরা। এতে পরপর দুই মৌসুম লিগ শিরোপা জয়ের স্বাদ পাবে কাতালানরা। অন্যদিকে রিয়াল মাদ্রিদকে পেতে হবে টানা দুই মৌসুম ট্রফিবিহীন থাকার দুঃখ।

এখন পর্যন্ত ২৬৩ ম্যাচে মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। যেখানে রিয়াল মাদ্রিদ জিতেছে ১০৬টি ম্যাচ। বার্সেলোনা হাসিমুখে মাঠ ছেড়েছে ১০৫ বার। লা লিগায় অবশ্য কাতালানদের চেয়ে চারবার বেশি জিতেছে লস ব্লাঙ্কোরা। গোল দেয়ার দিক থেকে অবশ্য এগিয়ে বার্সাই।

এ ম্যাচে অবশ্য পূর্ণশক্তির স্কোয়াড পাচ্ছে না কোনো দলই। বার্সেলোনার সবচেয়ে বড় তারকা লামিনে ইয়ামাল ইনজুরির কারণে মাঠের বাইরে। অন্যদিকে চোট সমস্যা ছাড়াও ড্রেসিং রুমের কোন্দলে দিশেহারা রিয়াল মাদ্রিদ। তবে স্কোয়াড যেমনই হোক, রিয়াল-বার্সার লড়াই উপভোগে বুঁদ হয়ে পড়বেন ফুটবল ভক্তরা, এ কথা নিশ্চিত।

জেআর