নিয়মিত সাফল্য ও পদক এনে দিলেও নিজস্ব কোন্দলে জর্জরিত আচ্যারি। আন্তর্জাতিক পর্যায়ে দেশকে অনেকবার গৌরব এনে দেয়া এ খেলার উজ্জ্বল অংশের অপর প্রান্তে যেন ঘন অন্ধকার। যেখানে অ্যাডহক কমিটির সদস্যদের অভিযোগের তীর ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদের দিকে।
শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে তানভীরের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ও প্রশাসনিক হস্তক্ষেপ প্রার্থনা করে এনএসসির কাছে চিঠি দিয়েছেন কমিটির সদস্যরা।
চিঠির ভিত্তিতে অভিযোগের সত্যতা যাচাইয়ে মাঠে নামে এখন টিভি। যেখানে অভিযোগকারী কেউ ক্যামেরার সামনে আসতে রাজি না হলেও মুখোমুখি হন মূল অভিযুক্ত তানভীর আহমেদ। অনূর্ধ্ব-১৯ দলকে ইয়ুথ ওয়ার্ল্ড আরচ্যারিতে না পাঠানোর গুরুতর অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন আরচ্যারির সাধারণ সম্পাদক।
বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন, ‘ভিসা না হলে তো টিকিট কাটা যাবে না। কিছু ভিসা হয়েছে কিছু হয়নি এরকম একটা অবস্থার মধ্যে ছিলো। ওই সময়টায় হঠাৎ এয়ার কানাডার একটা স্ট্রাইক ছিলো বিশাল বড়। ওই স্ট্রাইকের ফলে সারা ওয়ার্ল্ডের মানে ফ্লাইট স্কেজুল সব নষ্ট হয়ে গেছে। টিকিট পাওয়া যায়নি আসলে সারা ওয়ার্ল্ডে একটা প্রবলেম ছিলো যার জন্য ফ্লাইট সব চেঞ্জ হয়ে গেছে।’
আরও পড়ুন:
এদিকে ফেডারেশনের গঠনতন্ত্র লঙ্ঘন করে একতরফাভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের অভিযোগের জবাবও দেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের ইউজুয়ালি কি হওয়া উচিত—যুগ্ম সম্পাদকের সিগনেচার হওয়া উচিত। কিন্তু আলমগীর ভাই গত এক বছর আপনারা খোঁজ নিয়ে দেখবেন উনার পায়ে একটা অপারেশন হয়েছে। অপারেশনে ডাক্তার বলছে উনাকে বিছানা থেকে নামতে না। ইট ইজ ফর লং টাইম। এখানে আছে হচ্ছে কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল ভাই, উনি তো অনেক সিনিয়র মানুষ আমাদের ওয়ার্ল্ড আরচ্যারির ভাইস প্রেসিডেন্ট। উনি আছেন আর এর পরের দিকে যারা আছে এর মধ্যে রুবাইয়েত ভাই আছেন। আর যেহেতু এখানে তেমন একটা কাজই নাই, যে আমি তো সবসময় আছি বাইরে থেকে ওই জন্য জাস্ট আমরা চিঠি করে লিখেছি যে, আমাদের অবর্তমানে এখানে কাজ করা যাবে।’
তানভীর আহমেদের বিরুদ্ধে আছে বিদেশে লোক পাঠানোর নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ। এছাড়া জয়পুরহাটের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হওয়া ৪০৬/৪২০ ধারার একটি মামলায় জামিনে রয়েছেন তিনি। ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছে বলে জানান আরচ্যারির সাধারণ সম্পাদক।
এদিকে অভিযোগের বিষয়ে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক এবং ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার বর্তমান সভাপতি কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান। তবে এসব ঘটনায় দুঃখ প্রকাশ করে ফেডারেশন সুষ্ঠুভাবে চলার প্রত্যাশার কথা জানান এ সংগঠক।
দুই পক্ষের এমন জটিলতা নিরসনে শনিবার সন্ধ্যায় দুই পক্ষের সঙ্গে বসার কথা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।





