টেবিল টেনিসে পদক জয়ের অভ্যাস গড়তে চান ইউতাকা নাকানো

নতুন কোচ ইউতাকা নাকানো
নতুন কোচ ইউতাকা নাকানো | ছবি: এখন টিভি
0

দেশের টেবিল টেনিসে পদক জয়ের অভ্যাস গড়তে চান নতুন নিয়োগ পাওয়া কোচ ইউতাকা নাকানো। জাপান থেকে উড়ে আসা এই কোচের চাওয়া অলিম্পিকের পর্যায়ে যাবে বাংলাদেশের টেবিল টেনিস। তবে দেশের টিটি তারকাদের বেসিক টেকনিকেই গলদ দেখছেন তিনি।

থাই কোচ প্যাটারাথর্ন পাসারাকে দুই মাসের জন্য নিয়োগ দেয়ার পরেই টেবিল টেনিসে আন্তর্জাতিক পদকের দেখা পেয়েছিল বাংলাদেশ। কিন্তু থাই এই কোচ নিজের খেলোয়াড়ি ক্যারিয়ারে মনোযোগ দিতে বাংলাদেশ অধ্যায়ের ইতি টেনেছিলেন বেশ আগেই। এর পর থেকেই টেবিল টেনিস চালিয়ে নিয়েছেন দেশি কোচরাই। অবশেষে দুই বছরের চুক্তিতে জাপান থেকে উড়িয়ে আনা হয়েছে টিটির নতুন কোচ ইউতাকা নাকানোকে।

নতুন এই কোচ প্রথম দিনেই সন্তুষ্ট বাংলাদেশের খেলোয়াড়দের দেখে। তবে, লাল-সবুজের প্রতিনিধিদের টেবিল টেনিসের মৌলিক জ্ঞানেই ঘাটতি দেখছেন নাকানো।

আরও পড়ুন:

নতুন কোচ ইউতাকা নাকানো বলেন, ‘বাংলাদেশের বেসিক টেকনিক খুব বেশি ভালো নয়। আমার মনে হয় আমার তাদের আগে বেসিক শেখাতে হবে। তাদের পায়ের কাজ খুব বেশি উন্নত নয়। কিভাবে মুভ করতে হয়, কিভাবে সামনে যেতে হয়, কিভাবে পেছনে আসতে হয়, কিভাবে ডানে-বামে যেতে হয় এগুলো আমার তাদের শেখাতে হবে।’

বাংলাদেশের টেবিল টেনিসে নাকানোকে আনা হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনায়। নাকানো নিজেও আগ্রহী খেলোয়াড়দের নিয়ে। বাংলাদেশকে নিয়ে যেতে চান এশিয়ান পর্যায়ে।

ইউতাকা নাকানো বলেন, ‘আমরা বর্তমানে খুব বেশি ফোকাস করছি না। আমাদের টার্গেট হলো অলিম্পিক খেলা। তার আগে এশিয়া টুর্নামেন্টের মেডেল জেতা। এরপরের টার্গেট অলিম্পিকে মেডেল জেতা।’

নিজে খেলা ছেড়েছেন দুই বছর আগে। বাংলাদেশে এর আগে এসেছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে। অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রে কাজের অভিজ্ঞতাগুলো সঙ্গী করে এবার লাল-সবুজকে নতুন উচ্চতায় নিতে চান জাপানের এই কোচ।

ইএ