টানা দ্বিতীয় দিনের মতো জাতীয় ক্রীড়া পরিষদে সদ্য দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবারে মুখোমুখি হলেন দেশের ৫২ ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের। প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে শুনেছেন সমস্যার কথা। দিয়েছেন নানা দিক নির্দেশনাও।
৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের প্রায় সব ফেডারেশনই চলছে আহ্বায়ক কমিটির মাধ্যমে। সব কমিটির কাছেই বিগত সময়ের কার্যক্রমের হিসেবও চেয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমরা গত এক বছরের আমাদের প্রত্যেকটি ফেডারেশনের মূল্যায়নের একটি রিপোর্ট আমি আগামী ৭ দিনের ভেতরে পেশ করতে বলেছি।’ ফেডারেশনগুলোতে সহসাই নির্বাচিত কমিটি দেয়ার জন্য সরকারের পরিকল্পনা আছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘আমরা নির্বাচন প্রক্রিয়াটিকে সুন্দর ও স্বচ্ছভাবে করার জন্য আবার রুট লেভেল থেকে আমরা শুরু করতে চাই।’
নির্বাচনি ইশতেহার মেনে ক্রীড়াকে পেশাদারিত্বের আওতায় আনার কথা আবারও সামনে আনলেন আমিনুল হক। জানিয়েছেন এ ব্যাপারে নিজের পরিকল্পনার কথা।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের খেলাধুলাকে বিশ্ব স্টেজে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেই খেলোয়াড়রা যারা দেশকে রিপ্রেজেন্ট করছে, দেশের জন্য যারা সম্মান ধরে আনার জন্য নিজেকে উজাড় করে খেলার চেষ্টা করছে, সেই খেলোয়াড়দের আমরা একটি বেতন কাঠামোর ভেতরে আনতে চাই।’
বৈঠকে ফেডারেশনগুলোর নানা সমস্যার কথাও শুনেছেন প্রতিমন্ত্রী। জানালেন, সমস্যা সমাধানে দ্রুতই কাজে নামবে মন্ত্রণালয়।





