আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এখন পর্যন্ত ৩ বার এশিয়ার দেশটির মুখোমুখি হয়েছে লাল-সবুজরা। যেখানে একবার হারের পাশাপাশি দুইবার ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল।
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাইরে সাফই বাংলাদেশের অংশ নেয়া বড় টুর্নামেন্ট। আসিয়ান কাপে সুযোগ পেলেও র্যাংকিংয়ের হিসেবে গ্রুপে বাংলাদেশই সবচেয়ে দুর্বল দল। টুর্নামেন্টের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকলেও বাংলাদেশের হেডকোচ থমাস ডুলির মূল লক্ষ্য সাফের প্রস্তুতি নেয়া।
থমাস ডুলি বলেন, ‘আশিয়ান কাপে অংশ নিতে পেরে আমরা খুবই আনন্দিত। এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। আমরা সবসময় এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলতে চেয়েছি। আমাদের সামনে সাফের মতো বড় টুর্নামেন্ট রয়েছে। তার আগে এটি আমাদের প্রস্তুতির জন্য দারুণ মঞ্চ।’
জামাল ভূঁইয়ার কণ্ঠেও একই সুর। তবে আসিয়ান কাপ থেকে কিছু নিয়েও ফিরতে চান বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য অনেকটা অনুশীলন টুর্নামেন্টের মতো। মাত্র এক মাস পরই সাফ রয়েছে, যেটি আমাদের মূল লক্ষ্য। দল হিসেবে অবশ্যই আমরা এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, এখানে পয়েন্ট পেতে চাই। সম্ভব হলে দুই-একটা জয়ও।’
কোচ-অধিনায়ক সাফের প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে নিলেও আসিয়ান কাপে বড় কিছু অর্জনের স্বপ্ন দেশিয় সমর্থকদের। যদিও এক্ষেত্রে বাস্তববাদী হওয়ার আহ্বান ডুলির। বরং এই টুর্নামেন্ট নিজেদের সঠিক অবস্থান বুঝিয়ে দেবে বলে ভাবনা তার।
হেডকোচ বলেন, ‘আমি জানি বাংলাদেশে আমাদের অনেক সমর্থক আছে। যারা ভাবছেন, আমরা এখানে এসেছি এবং সবাইকে হারাবো। কিন্তু এটা অনেক কঠিন হবে। আমাদের বাস্তববাদী হতে হবে। আমাদের জন্য সবচেয়ে বড় বিষয় হলো, আমরা ঠিক কোথায় আছি, সেটা খুঁজে বের করা। আমরা কোন পর্যায়ে আছি, সেটা কেউই শতভাগ জানি না।’
র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে প্রায় ৫০ ধাপ এগিয়ে মালয়েশিয়া। তাই জয়ের স্বপ্ন না দেখে লড়াইয়ের প্রত্যাশা ডুলির।





