আগামী ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো শুরু হচ্ছে ফিফা আসিয়ান কাপ। ইন্দোনেশিয়া ও হংকংয়ে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ইন্দোনেশিয়া পর্বে। আসর শুরুর আগে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
তবে এই দলে নেই অভিজ্ঞ সেন্টারব্যাক তপু বর্মণ। চোট থেকে এখনো পুরোপুরি সেরে না ওঠায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি কোচ থমাস ডুলি। দলের সঙ্গে এখনো অনুশীলনই করতে পারেননি তপু।
দীর্ঘ সময় পর জাতীয় দলে ফিরেছেন সেন্টারব্যাক মঞ্জুরুর রহমান। প্রবাসী ফুটবলারদের মধ্য থেকে চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন শুকি ইতোফুসা ও জিদান ইউসুফ। ইংল্যান্ডের বোরহ্যাম উড এফসির হয়ে খেলা ফারহান আলীকেও রাখা হয়েছে স্কোয়াডে।
আরও পড়ুন:
গোলরক্ষক হিসেবে আছেন মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ ও সুজন হোসেন। রক্ষণভাগে তারিক কাজী, শাকিল আহাদ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, মঞ্জুরুর রহমান ও রহমত মিয়া।
মাঝমাঠে অভিজ্ঞ জামাল ভূঁইয়ার সঙ্গে আছেন হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা ও শেখ মোরছালিন। আর আক্রমণভাগে থাকছেন রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফাহামিদুল ইসলাম ও ফারহান আলী।
তবে ট্রায়ালে অংশ নেয়া যুক্তরাষ্ট্রের ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার গোলরক্ষক সাইফ কেরাওয়ালা এবার জায়গা পাননি।
আসিয়ান কাপের ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। তিনটি ম্যাচই হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।




