ফুটবল ক্যারিয়ারে অর্জনের খাতাটা তার আগেই পূর্ণ। তবু নতুন করে ইতিহাস গড়াকে যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন লিওনেল মেসি।
ক্যাম্পিওনেস কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচের ২৪তম মিনিট। ডানদিক থেকে সতীর্থ লুইস সুয়ারেজের বাড়ানো নিখুঁত ক্রসে লাফিয়ে উঠে চমৎকার হেডে বল জালে পাঠান মেসি। আর এই দর্শনীয় গোলের মধ্য দিয়েই ইন্টার মায়ামির জার্সিতে পূর্ণ করেন তার ১০০তম গোল।
আরও পড়ুন:
মায়ামির হয়ে এই শততম গোল পেতে মেসির লেগেছে মাত্র ১১৫টি ম্যাচ! যা তার ক্লাব ইতিহাস কিংবা আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্রুততম অর্জন। বার্সেলোনায় ১০০ গোল করতে মেসির লেগেছিল ১৮৮ ম্যাচ, আর জাতীয় দল আর্জেন্টিনার হয়ে ১০০ গোল করতে খেলতে হয়েছে ১৭৪ ম্যাচ।
আমেরিকান ক্লাবটিতে ২০২৩ সালে যোগ দেয়া মেসির প্রথম গোলটিও এসেছিল এই ক্রুজ আজুলের বিপক্ষেই। ১০০তম গোলের রাতে শুধু নিজে গোল করাই নয়, কাসিমেরোকে দিয়ে আরও একটি গোল করিয়ে ম্যাচের জয় নিশ্চিত করেন এলএমটেন।
মেসির এমন অলরাউন্ড পারফর্ম্যান্সে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয়ে ক্যাম্পিওনেস কাপ নিজেদের করে নেয় ইন্টার মায়ামি। আর এই ট্রফি জয়ের মধ্য দিয়ে নিজের ফুটবল ক্যারিয়ারে রেকর্ড ৪৯তম শিরোপা উঁচিয়ে ধরলেন এই আর্জেন্টাইন মহাতারকা। দ্রুততম ১০০ গোল আর ক্যারিয়ারের ৪৯তম শিরোপা—জোড়া উদযাপনে আমেরিকান ফুটবলে নিজের একক আধিপত্য আরও একবার জানান দিলেন ফুটবল জাদুকর।




