ইনজুরির কাটিয়ে দীর্ঘ এক বছর পর জাতীয় দলে ফেরা। তারপর মাঠে নেমেই খেলেছেন মাত্র ৩ ম্যাচ। লাল-সবুজের রক্ষণে যখন আবারও ভরসা হয়ে উঠছিলেন, ঠিক তখনই নিয়তির পরিহাস। নতুন করে বাম পায়ের উরুর চোটে ফের মাঠের বাইরে ছিটকে গেলেন জাতীয় দলের তারকা রাইটব্যাক বিশ্বনাথ ঘোষ। মিস করবেন আসন্ন আসিয়ান কাপ।
বাংলাদেশ ফুটবল দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ বলেন, ‘কোয়াড্রিসেপ মাসল টিয়ার হয়েছে। এটি মিনিমাম চার সপ্তাহ লাগবে, রিকভারি করে মাঠে প্র্যাকটিস শুরু করতে আর কি।’
আসিয়ান কাপের ঠিক আগমুহূর্তে এমন চোটে তীব্র হতাশ এ ডিফেন্ডার। তবে এই দুঃসময়েও তার পাশে দাঁড়িয়েছে টিম ম্যানেজমেন্ট হেড কোচ। এখন মূল লক্ষ্য পরবর্তী সাফ টুর্নামেন্টের জন্য নিজেকে শতভাগ প্রস্তুত করা।
তিনি বলেন, ‘কোচ আমাকে এইটুকুই বলেছে যে, এটা খুবই একটা খারাপ সংবাদ। যে উনি বলতেছে যে তোমাকে সাফের জন্য প্রস্তুত হইতে হবে, সাফের জন্য তুমি রেডি হও। যত তাড়াতাড়ি সম্ভব রিকভারি করার চেষ্টা করো।’
আরও পড়ুন:
নিজে স্কোয়াডে থাকতে পারছেন না, তবে দলের রক্ষণভাগ নিয়ে পুরোপুরি আত্মবিশ্বাসী এই রাইট ব্যাক। দলে অভিজ্ঞ এবং পরীক্ষিত খেলোয়াড়রা আছেন, তারা মাঠের পারফরম্যান্সে তার অভাবটা খুব ভালোভাবেই পূরণ করতে পারবেন।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যারা এখন ন্যাশনাল টিমে আছে সবাই পরীক্ষিত প্লেয়ার। তারা বাংলাদেশের সেরা প্লেয়ার বা সেরা প্লেয়ার তাদের ন্যাশনাল টিমে কল করছে ইভেন ন্যাশনাল টিমে তারা খেলতেছে। তো এখানে আমি বা অন্য কেউ যে কেউ না যেই থাকুক আর না থাকুক, তার পরবর্তীতে বা তার রিপ্লেসমেন্ট অবশ্যই বাংলাদেশে আছে।’
আপাতত সব চিন্তা একপাশে রেখে এই ফুটবলারের একমাত্র ধ্যান-জ্ঞান সফল পুনর্বাসন প্রক্রিয়া। পূর্ণ ফিটনেস নিয়ে ফের জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরে দেশের হয়ে সেরাটা উজাড় করে দেয়া।





