ব্যালন ডি'অর ২০২৬: মেসির মূল প্রতিদ্বন্দ্বী এমবাপ্পে-কেইন

ব্যালন ডি'অর
ব্যালন ডি'অর | ছবি: সংগৃহীত
0

ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ পুরস্কার ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। পুরুষ ও নারী বিভাগে সেরা ফুটবলার ছাড়াও বর্ষসেরা তরুণ খেলোয়াড়, সেরা গোলরক্ষক, কোচ ও ক্লাব ক্যাটাগরিতে দেয়া হবে পুরস্কার।

বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি ব্যালন ডি'অর। ২০২৬ সালের জন্য এই পুরস্কারের সংক্ষিপ্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। যেখানে ২ বছর পর আবারো জায়গা করে নিয়েছেন রেকর্ড ৮বার ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসি।

ব্যালন ডি'অর জয়ে এবার মেসির মূল প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও ইংল্যান্ডের হ্যারি কেইন। এছাড়া তালিকায় আছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি, দেম্বেলে, হালান্ড, ইয়ামাল, ওলিসে, মেন্ডেসদের মতো তারকারা।

নারী ব্যালন ডি'অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি সর্বশেষ তিনবারের ব্যালন ডি'অর জয়ী আইতানা বোনমাতি। তবে আছেন আরেক তারকা ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস। তিনিসহ শুধু বার্সেলোনা থেকেই মনোনয়ন পেয়েছেন ৮জন ফুটবলার। এছাড়া ম্যানচেস্টার সিটির আছেন ৪জন।

গত দুবার বর্ষসেরা তরুণ ফুটবলার হয়েছিলেন লামিনে ইয়ামাল। এবারও কোপা ট্রফি মনোনয়নের সংক্ষিপ্ত তালিকায় আছেন বার্সেলোনা তারকা। তার সঙ্গে এই পুরস্কার পেতে লড়বেন কুবারসি, বুয়াদ্দিরা। নারী বিভাগে মনোনয়ন পাওয়া পাঁচজনের দুজনই বার্সেলোনার। যেখানে গতবারের বিজয়ী ভিকি লোপেজ ছাড়াও রয়েছেন ক্লারা সেরাহর্দি।

পুরুষ গোলরক্ষকদের ১০ জনের তালিকায় গতবারের বিজয়ী জিয়ানলুইজি দোনারুমা না থাকলেও জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দিয়ান গোলরক্ষক ভোজিনিয়া। বিশ্বকাপজয়ী স্পেনের তিন গোলরক্ষকই আছেন এই তালিকায়। এছাড়া জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজও। নারী গোলরক্ষকদের মনোনয়ন তালিকায় এবারও আছেন গতবারের বিজয়ী হানা হ্যাম্পটন।

বর্ষসেরা কোচ বিভাগে নারী ও পুরুষ, দুই ক্ষেত্রেই ৫ জন করে মোট ১০ জনের নাম ঘোষণা করা হয়েছে। আর্সেনালকে প্রিমিয়ার লিগ জেতানো মিকেল আর্তেতা, পিএসজিকে টানা দ্বিতীয়বার ইউরোপ–সেরা করা লুইস এনরিকে, স্পেনের বিশ্বকাপজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তে ছাড়াও পুরুষ দলের কোচদের সেরার লড়াইয়ে আছেন উনাই এমেরি ও ভিনসেন্ট কোম্পানি।

পুরুষ ও নারী দুই ক্ষেত্রেই সেরা ক্লাবের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। আগামী ২৬ অক্টোবর লন্ডনে জানা যাবে, কোন বিভাগে বর্ষসেরার মুকুট পাচ্ছেন কে।

ইএ