নেই সূচি, থমকে আছে প্রস্তুতি; অনিশ্চয়তায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন
বাংলাদেশ ফুটবল ফেডারেশন | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর অপেক্ষা ফুরাচ্ছে না। লিগের সূচি এখনো না পাওয়ায় অনিশ্চয়তায় বেশিরভাগ ক্লাবের প্রস্তুতি। কেউ অনুশীলন শুরু করলেও অনেক দল এখনো মাঠেই নামেনি। দ্রুত সূচি ঘোষণার দাবি ক্লাবগুলোর।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর সম্ভাব্য তারিখ ২৮ আগস্ট। অথচ এখনো চূড়ান্ত সূচি হাতে পায়নি বেশিরভাগ ক্লাব। ফলে প্রস্তুতি নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

ফর্টিস, পুলিশ ও সিটি এফসি অনুশীলন শুরু করলেও অন্য অনেক ক্লাব এখনো অপেক্ষায়। ওয়ান্ডারার্সও দল গুছিয়ে ফেলেছে। চার-পাঁচজন জাতীয় দলের ফুটবলারের সঙ্গে পাঁচ বিদেশি খেলোয়াড় নিয়ে শক্ত দল গড়ার চেষ্টা পুরান ঢাকার ক্লাবটির।

ওয়ান্ডারার্স ক্লাবের সহ-সভাপতি রুহুল আমিন জুয়েল বলেন, ‘আমরা কি বিএফএলে চান্স পাচ্ছি নাকি পাচ্ছি না—এটা নিয়ে দদুল্যমান অবস্থায় ছিলাম। চিঠি পেয়েছি ৯ বা ১০ তারিখে আর ১৩ তারিখের ভেতরে টিম গঠন করতে হবে। আমরা তিন দিনের ভেতরে টিম গঠন করে ফেলছি। ঘরোয়া লীগ খেলতে গেলে মিনিমাম দুই মাস আগে থেকে জানাইতে হবে যে ক্যালেন্ডার ফিক্সড করে ফেলতে হবে। অর্থনৈতিকভাবে আমরা একটু দুর্বল অবস্থায় মানে আছি, বাট ওভারকাম করার আমরা চেষ্টা করতেছি।’

একই অভিযোগ ফর্টিসেরও। তাদের মতে, সব দলকে একই সময়ে অনুশীলন শুরুর নির্দেশনা দেওয়া হলে প্রস্তুতিও হতো সমানতালে, পাশাপাশি ফেডারেশনের ওপর চাপ তৈরি করা যেত।

ফর্টিস এফসির সভাপতি শাহীন বলেন, ‘এখন ফেডারেশন কি করতেছে বা খেলাটা কখন হবে, এটা নিয়ে আমরা আসলেই একটু জিনিসটা নিয়ে দ্বিধাদন্তে আছি। যেহেতু আমরা অনেকদিন ধরে ট্রেনিং করতেছিলাম, আর এর মধ্যে যেহেতু আমরা এএফসি কাপ খেলতে যাব, যদি খেলাটাও হইতো, আমরা ম্যাচেও থাকতে পারতাম, জিনিসটা আমাদের জন্য ভালো হইতো।’

এএফসির গাইডলাইন মেনেই ঘরোয়া লিগ পরিচালনা করতে হয়। তাই দেরিতে শুরু হলে কমে আসবে ম্যাচ আয়োজনের সময়ও। এর মধ্যেই ইব্রাহিমকে দলে ভিড়িয়েছে ফর্টিস। পাশাপাশি আরও এক বংশোদ্ভূত খেলোয়াড়কে দলে নেওয়ার পথে তারা।

সূচি দ্রুত ঘোষণা করে সব ক্লাবকে নিয়ে সময়মতো লিগ মাঠে গড়ানোর অপেক্ষায় এখন ক্লাবগুলো।

জেআর