শিডিউল বিপর্যয়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবল

অনুশীলনে ব্যস্ত ফুটবল দল
অনুশীলনে ব্যস্ত ফুটবল দল | ছবি: এখন টিভি
0

আবাহনী ও বসুন্ধরা কিংসের জন্য অপেক্ষা করতে গিয়ে শুরুর আগেই বড় রকমের শিডিউল বিপর্যয়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবল। যথাসময়ে লিগ শুরুর ব্যাপারে বাফুফে সহ-সভাপতি প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করা হচ্ছে না। এখন পর্যন্ত সূচি ঘোষণা না করায় দুশ্চিন্তায় আছেন বিভিন্ন ক্লাবের কোচরাও। আর সাবেকরা দায় দিচ্ছেন, লিগ কমিটির ওপর।

দিন দশেক আগে এভাবেই যথাসময়ে নতুন মৌসুমের লিগ শুরুর ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। তবে, এখন টিভির ক্যামেরার সামনে দেয়া সেই প্রতিশ্রুতি রাখা হচ্ছে না তার। সবশেষ সোমবার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেও এখনও ১০টি নিষেধাজ্ঞা আছে বসুন্ধরা কিংসের নামে। এরইমাঝে ২১ আগস্টের চ্যালেঞ্জ কাপের সূচি বাতিল করেছে বাফুফে। ২৫ তারিখ ফেডারেশন কাপ এবং ২৮ তারিখ থেকে লিগ শুরুর কথা থাকলেও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এদিকে শীর্ষ লিগের মাত্র দশ দিন আগেও পূর্ণাঙ্গ সূচি না আশায় হতাশ অন্যান্য ক্লাবগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্লাব কোচের ভাষ্য, আবাহনী-বসুন্ধরার জন্য অপেক্ষা করতে গিয়ে বাকি ক্লাবগুলোর পরিকল্পনায় বাধা দিচ্ছে বাফুফে। আর ফর্টিস এফসির কোচের ভাষ্য, প্রস্তুতি নিয়ে উদ্বিগ্ন তার দল।

আরও পড়ুন:

ফর্টিস এফসি কোচ মাসুদ পারভেজ কায়সার বলেন, ‘টুর্নামেন্ট বা লিগ যেটিই হোক ক্লাবগুলোর প্রস্তুতির জন্য সময় দরকার। তবে এবারের চিত্র ভিন্ন। এখনো কেউ ট্রেনিং এ নামেনি। এখন ফেডারেশন কী করতে যাচ্ছে এসব নিয়ে চিন্তায় আছি।’

৫ বারের পেশাদার লিগজয়ী বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম দুষলেন বাফুফের লিগ কমিটিকে।

বাংলাদেশ দলের সাবেক ফুটবলার মামুনুল ইসলাম বলেন, ‘আমার ধারণ ২৮ তারিখের ম্যাচ পিছিয়ে যাবে। যখন এ ম্যাচ পিছিয়ে যাবে নেক্সট মাসের ১৫ থেকে ২০ তারিখের জন্য এটি যদি পিছিয়ে যায় ১ মাসের জন্য, তাহলে একটি টিমের প্র্যাকটিস করে লিগ ট্রাই করা সহজ হবে। লিগ কমিটিতে যারা আছেন তানরা ক্যাপাবল নাকি। একটি প্রফেশনাল লিগ চালানোর জন্য ক্যাপাবল নাকি।’

গত ১৭ তারিখ ক্লাব লাইসেন্স রেজিস্ট্রেশনের শেষদিনেও আবেদন করেনি আবাহনী ও কিংস। তাদের অপেক্ষায় লিগ আর কতদিন অপেক্ষা করবে বাফুফে, সেটিই দেখার বিষয়।

এফএস