পেলে-বেকেনবাওয়ারের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ক্লাব নিউইয়র্ক কসমসে এবার বাংলাদেশের পতাকা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার শমিত সোম আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ক্লাব নিউইয়র্ক কসমসে। কানাডিয়ান প্রিমিয়ার লিগের কাভ্যালরি এফসির সঙ্গে তিন বছরের সফল অধ্যায় শেষে নতুন ঠিকানায় ২৮ বছর বয়সী এ মিডফিল্ডার।
কসমসে যোগ দেয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় শমিতকে উষ্ণ স্বাগত জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। কসমসে স্বাগতম, শমিত সোম। বাংলাদেশি অ্যাটাকিং মিডফিল্ডার এ ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই উচ্ছ্বসিত। ভিডিও বার্তায় জানিয়েছেন নিজের অনুভূতি।
শুধু নতুন ক্লাব নয়, শমিতের জন্য এটি ইতিহাসের অংশ হয়ে ওঠারও সুযোগ। কারণ পেলে ও বেকেনবাওয়ারের মতো কিংবদন্তির পদচারণায় সমৃদ্ধ নিউইয়র্ক কসমস।
আরও চমকপ্রদ ব্যাপার ২০১৬ সালে কসমসের বিপক্ষেই মাঠে নেমেছিলেন শমিত। এবার সেই ক্লাবের জার্সিই উঠবে তার গায়ে। পেলে ও বেকেনবাওয়ারের সঙ্গে এ ক্লাবের ইতিহাস কেমন, সবাই জানে।
এবার সবকিছু ঘুরেফিরে এক বৃত্তে এসে মিলেছে। ক্লাবের হয়ে নতুন শুরুর জন্য সত্যিই মুখিয়ে আছেন বাংলাদেশি তারকা ফুটবলার। শমিতের অভিজ্ঞতা কসমসের মাঝমাঠকে আরও শক্তিশালী করবে বলে মনে করেন ক্লাবের হেড অব সকার জিওসেপ্পে রসি।
বাংলাদেশের জার্সিতে গত বছর অভিষেকের পর এবার ক্লাব ফুটবলে নতুন চ্যালেঞ্জ। কসমসের হয়ে শমিত সোমের এ যাত্রা কতটা সফল হয় সেদিকেই এখন নজর বাংলাদেশের ফুটবলপ্রেমীদের।





