তারকায় শক্তিশালী মোহামেডান, এবার চোখ শিরোপায়

দলবদল শেষে মোহামেডান ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়েরা
দলবদল শেষে মোহামেডান ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়েরা | ছবি: এখন টিভি
0

উৎসব করেই বাংলাদেশ ফুটবল লিগের এবারের আসরের দল-বদলের আনুষ্ঠানিকতা সারল ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। দলে ভিড়ে উচ্ছ্বসিত খেলোয়াড়রা, ক্লাব কর্মকর্তারা চান শিরোপা ঘরে তুলতে।

ঢাক-ঢোলের শব্দ, সমর্থকদের উল্লাস আর ঘোড়ার গাড়িতে চেপে ক্লাব থেকে বাফুফের দিকে তাকাচ্ছে ঐতিহ্যবাহী দল মোহামেডান। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন অন্যায্য ও অসহনীয় প্রতিকূলতার পথ পাড়ি দিয়েই রাজার বেশে আসন্ন মৌসুমের জন্য দলবদল সারলো সাদা-কালোরা।

বৃহস্পতিবার ক্লাবের নতুন মৌসুমে চুক্তি সম্পন্ন করা খেলোয়াড়দের নিয়ে পরিচয় পর্ব সারে দলটি। অনুষ্ঠানে মোহামেডান ক্লাবের সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ বরকত উল্লাহ বুলু, পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন ভূঁইয়া ও মোস্তফা কামাল, ফুটবল দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুসহ নতুন চুক্তিবদ্ধ প্রায় সব ফুটবলারই উপস্থিত ছিলেন। সুলেমান দিয়াবাতে, সানডেসহ বেশ কয়েকজন বিদেশী তারকার পাশাপাশি বসুন্ধরা কিংসসহ দেশীয় ফুটবল থেকে সেরা সেরা ফুটবলারদের ডেরায় ভিড়িয়ে শিরোপায় চোখ রাখছে মোহামেডান।

মোহামেডান ক্লাবের টিম লিডার আমিরুল ইসলাম বাবু বলেন,‘বাংলাদেশ জাতীয় ফুটবল দল দলের সাত থেকে আটজন খেলোয়াড় এবং বিদেশী যে চারজন খেলোয়াড় তার মধ্যে গত বছর যারা খুব ভালো খেলা খেলেছে সেখান থেকেই চারজন বিদেশী খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করেছে। মোহামেডান চ্যাম্পিয়নের বিকল্প অন্য কোন কিছু চিন্তা করে না।’

বসুন্ধরা থেকে আসা আট ফুটবলারের একজন আনিসুর রহমান জিকো। দীর্ঘ আট বছরের সেই অধ্যায়ের এবার ইতি টেনে মোহামেডানে যোগ দিয়ে জিকো জানান, সাদা-কালোদের হয়ে খেলার স্বপ্ন তার অনেক আগে থেকেই ছিল।

আনিসুর রহমান জিকো বলেন, ‘নতুন ঠিকানায় এসেছি। তো সবকিছু নতুন। মানায়ে নিব আশা করতেছি। আর যেহেতু ঐতিহ্যবাহী এ ক্লাবে অনেক কিংবদন্তি আছে, তো আশা করি ক্লাবকে শিরোপা জেতার জন্য সাহায্য করব।’ 

ঢাকার ঐতিহ্যবাহী দলটির ডেরায় ভিড়িয়ে উচ্ছ্বসিত রহমত মিয়াদের মতো জাতীয় দলের খেলোয়াড়রাও দলের জন্য সেরাটা দেওয়ার প্রত্যয় তাদের কণ্ঠে।

ডিফেন্ডার রহমত মিয়া বলেন, ‘প্রত্যেকটা পজিশনে সিলেক্ট করে করেই তারা প্লেয়ার নিয়েছে। সো, আমার মনে হয় যে ডেফিনেটলি একটা ভালো টিম হয়েছে এবং ইনশাআল্লাহ এটার প্রতিফলন আমরা মাঠে দেখতে পাব।’

ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম বলেন, ‘যেহেতু তারা আমাদের যে প্রত্যাশাতে এবার দলে নিছে, আমরা যেন তাদের সে প্রত্যাশাটা পূরণ করতে পারি, এইটাই আমাদের মেইন টার্গেট।’

দলবদলের অফিসিয়াল তালিকা বাফুফের কাছে হস্তান্তর করেছে মোহামেডানের ক্লাব কর্মকর্তারা। তাদের মুখে দেশীয় ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনার অঙ্গীকার দিয়েই শেষ হয় এই বর্ণালী আয়োজনের।

এএম