ইউরোপ-দক্ষিণ আমেরিকার বয়কট সত্ত্বেও শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতি ইনফান্তিনো
ফিফা সভাপতি ইনফান্তিনো | ছবি: সংগৃহীত
0

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে চরম উত্তপ্ত বিশ্ব ফুটবল। বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে ইউরোপের ৫৫টি দেশ আর দক্ষিণ আমেরিকার প্রভাবশালী সংস্থাগুলোর চরম বয়কট সত্ত্বেও-গদি ছাড়ার বদলে উল্টো হাত ভারী করছেন ইনফান্তিনো। এবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ আফ্রিকার দেশগুলো পাশে দাঁড়িয়েছে ইনফান্তিনোর।

ফিফার বাণিজ্যিকীকরণ ও বেসরকারি বিনিয়োগ আনার এক সিদ্ধান্তে তোলপাড় পুরো ফুটবল বিশ্ব। সিদ্ধান্তটি বাতিল করে ইনফান্তিনো প্রকাশ্যে ক্ষমা চাইলেও গলেনি বরফ। ইউরোপের ৫৫টি ফুটবল অ্যাসোসিয়েশন এখনো নিজেদের বয়কট সিদ্ধান্তে অটল, আর তীব্র অসন্তোষ প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকার ‘কনমেবল’ও।

তবে ইউরোপ মুখ ফিরিয়ে নিলেও চিত্রটা ভিন্ন , আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায়। ফুটবলীয় সংকটের মাঝে স্পেন ও মরক্কোর দ্বন্দ্বে সফল মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছে ইনফান্তিনোর নাম। যা আফ্রিকার দেশগুলোতে বাড়িয়েছে তার আকাশচুম্বী গ্রহণযোগ্যতা। যার ফলশ্রুতিতে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের ৫৪টি দেশ একজোট হয়ে তাদের পূর্ণ সমর্থন ঢেলে দিয়েছে এই ফিফা প্রধানের ঝুলিতে।

তবে সবচেয়ে বড় রাজনৈতিক চমকটি এসেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার পক্ষ থেকে। নিজস্ব কনফেডারেশন কনমেবলের তোপ দাগানোর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে, বিদ্রোহ ভেঙে ইনফান্তিনোর পাশে এসে দাঁড়িয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। চিঠিতে আর্জেন্টিনা স্পষ্ট জানিয়েছে-গত ১০ বছরে বিশ্ব ফুটবলের যে ইতিবাচক রূপান্তর ইনফান্তিনো এনেছেন, তার জন্য ২০২৭ সালের নির্বাচনেও তাঁর নেতৃত্বেই বিশ্বাস রাখতে চায় আলবিসেলেস্তারা।

একই পরিস্থিতি কনকাকাফ অঞ্চলেও। মহাদেশীয় সংস্থার বিরুদ্ধে গিয়েই ইনফান্তিনোকে সমর্থন জানিয়েছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো।

ইউরোপীয় পরাশক্তিগুলো যেখানে তাঁকে ক্ষমতাচ্যুত করতে মরিয়া, সেখানে আফ্রিকা, আর্জেন্টিনা এবং মেক্সিকোর এই অভাবনীয় ‘লাইফলাইন’ ইনফান্তিনোকে দিয়েছে দারুণ স্বস্তি। বিরোধীদের সমস্ত ঝড় তুচ্ছ করে ২০২৭-এর নির্বাচনেও তাই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে যাচ্ছেন ইনফান্তিনো।

এএইচ