গার্ডিয়ানের সেরা তরুণ প্রতিভার তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

ফারহান আলী ওয়াহিদ
ফারহান আলী ওয়াহিদ | ছবি: সংগৃহীত
0

ইংলিশ প্রিমিয়ার লিগের উদীয়মান প্রতিভার তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত তরুণ ফারহান আলী ওয়াহিদ। প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তালিকায় প্রিমিয়ার লিগের ২০ দলের ২০ প্রতিনিধির মাঝে আছে ফারহানের নাম।

ইংলিশ প্রিমিয়ার লিগ কড়া নাড়ছে দরজায়। বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ লিগের তকমা পাওয়া ইপিএল মাঠে গড়াচ্ছে আগামী ২২ আগস্ট থেকে। চলছে দলবদল। প্রিমিয়ার লিগের ২০ দলই নিজেদের শক্তিমত্তা যাচাই করছে প্রি-সিজন ক্যাম্পে। আর ফুলহ্যামের প্রি-সিজন ক্যাম্পের অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ফারহান আলী ওয়াহিদ। নতুন কোচ আলভারো আরবেলোয়ার অধীনে এরই মধ্যে নিজেকে চেনাতে শুরু করেছেন এ লেফট উইঙ্গার।

সবশেষ ইংলিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রিমিয়ার লিগের ২০ সম্ভাবনাময় তরুণের তালিকায় উঠে এসেছে ফারহান আলী ওয়াহিদের নাম। এবারের আসরে থাকা ২০ দলের তরুণ প্রতিভাদের নিয়ে করা ফিচারে ফুলহ্যাম থেকে উঠে এসেছে তার নাম।

আরও পড়ুন

গতবার প্রিমিয়ার লিগ টু-তে ১০ গোল এবং ৭ অ্যাসিস্ট ছিলো বাংলাদেশি বংশোদ্ভুত তারকার। তাতে বয়সভিত্তিক এ লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও ওঠে তার হাতে। ধারাবাহিক পারফরম্যান্সের সূত্রে খুব দ্রুতই ফারহান উঠে এসেছেন মূল দলে।

এদিকে ফারহান আলী ওয়াহিদকে বাংলাদেশের জার্সিতে নিয়ে আসার প্রক্রিয়াতেও অনেকটাই এগিয়েছে বাফুফে। প্রাথমিক শর্ত হিসেবে তার জন্মনিবন্ধন প্রক্রিয়াও হয়ে গিয়েছে।

গত মাসে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছিলেন, উদীয়মান এ প্রতিভাকে সেপ্টেম্বর মাসেই নিজেদের করে নিতে চাইছে বাফুফে। সেক্ষেত্রে নভেম্বরে সাফ ফুটবলেও দেখা যেতে পারে ফারহান আলী ওয়াহিদকে।

সবকিছু ঠিক থাকলে কাছাকাছি সময়েই ইংলিশ প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ফুলহ্যামের ১৯ বছর বয়েসী তারকার। হামজা চৌধুরীর পর বাংলাদেশও পাবে প্রিমিয়ার লিগে খেলা নতুন এক তারকাকে।

জেআর