বিশ্বকাপের স্মারক নিলামে; তালিকায় মেসির স্বাক্ষরিত জার্সিও

নিলামে মেসির স্বাক্ষরিত জার্সি
নিলামে মেসির স্বাক্ষরিত জার্সি | ছবি: এখন টিভি
0

২০২৬ বিশ্বকাপের স্মরণীয় সব স্মারক নিলামে তুলছে বিশ্বখ্যাত নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ। মেসির স্বাক্ষরিত জার্সি থেকে শুরু করে ম্যাচে ব্যবহৃত বল, এমনকি প্রথমবারের মতো আয়োজিত বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোর স্মারকও থাকছে এ বিশেষ আয়োজনে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ ব্যয় হবে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবল উন্নয়নে।

ফুটবলপ্রেমীদের জন্য দারুণ এক সুযোগ। বিশ্বকাপের ইতিহাসের স্মরণীয় সব স্মারক এবার উঠছে নিলামে। কিংবদন্তি ফুটবলারদের স্বাক্ষর করা জার্সি, ম্যাচে ব্যবহৃত বল, এমনকি বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোর স্মারকও থাকছে এ বিশেষ আয়োজনে। আর এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ ব্যয় হবে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবল উন্নয়নে।

আগামী ২২ থেকে ২৯ জুলাই পর্যন্ত অনলাইনে এ দাতব্য নিলামের আয়োজন করছে বিশ্বখ্যাত নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ। প্রতিটি পণ্যের প্রাথমিক দর শুরু হবে মাত্র ১০০ ডলার থেকে, যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলভক্তরা অংশ নিতে পারেন।

নিলামে থাকছে লিওনেল মেসির স্বাক্ষর করা ২০২২ বিশ্বকাপের জার্সি, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার তারকা খেলোয়াড়দের স্বাক্ষরিত জার্সি। এছাড়া ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও ফাইনালে ব্যবহৃত বলও থাকছে সংগ্রাহকদের জন্য।

আয়োজকদের মধ্যে একজন বলেন, ‘আমরা চাই এই নিলামটি শুধু ফুটবলপ্রেমীদের নয়, সব ধরনের ক্রীড়াভক্তদের কাছে আকর্ষণীয় হয়ে উঠুক । যুক্তরাষ্ট্র ও মেক্সিকো দলের স্মারকের পাশাপাশি, পপ সংস্কৃতিতে আগ্রহীদের জন্যও রয়েছে বিশেষ সংগ্রহ। বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীও নিলামে।’

এছাড়া প্রথমবারের মতো আয়োজিত বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে ব্যবহৃত পোশাক ও বিশেষ স্মারকও থাকবে নিলামে। আয়োজকদের আশা, টুর্নামেন্ট যত এগোবে, ততই বাড়বে ভক্তদের আগ্রহ ও দর হাঁকার প্রতিযোগিতা।

এই নিলাম থেকে অর্জিত অর্থ যাবে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। ১০ কোটি ডলারের এই উদ্যোগের লক্ষ্য বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ আরও বাড়িয়ে তোলা।

জেআর