বিশ্বকাপে কে গ্রুপ থেকে পর্তুগাল ও কলম্বিয়ার নক আউট নিশ্চিত ছিলো আগেই। দুই দলের ম্যাচ ছিলো তাই গ্রুপসেরা হওয়ার লড়াই।
ফ্লোরিডার মায়ামি গার্ডেনে অনুষ্ঠিত এ ম্যাচে শুরু থেকেই পর্তুগালের ওপর একেরপর এক আক্রমণ করে কলম্বিয়া। খেলার ধারার বিপরীতে প্রথমার্ধে গোল করার খুব কাছাকাছি ছিলেন পর্তুগালের ব্রুনো ফার্নান্দেজ। তবে কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভারগাসকে পরাস্ত করতে পারেননি তিনি।
ঠিক আগের ম্যাচে ‘আই অ্যাম ব্যাক’ বলে ঘোষণা দিলেও এদিন নিষ্প্রভ ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পুরো নব্বই মিনিট খেলে সিআর সেভেন শট নিয়েছেন মাত্র একবার, কলম্বিয়ার বক্সে বল স্পর্শ করতে পেরেছেন মোটে দুবার। ম্যাচের শেষ দিকে লিড প্রায় পেয়েই গিয়েছিলেন কলম্বিয়ার ডেভিনসন সানচেজ। কিন্তু অফসাইডের কারণে তার গোল বাতিল হয়।
গ্রুপ ‘কে’র চ্যাম্পিয়ন কলম্বিয়া শেষ ৩২-এ লড়বে ‘এল’ গ্রুপের তৃতীয় দল ঘানার বিপক্ষে। ম্যাচটি হবে ৪ জুলাই সকাল সাড়ে ৭টায়। অন্যদিকে পর্তুগাপের প্রতিপক্ষ এল গ্রুপের রানার্সআপ ক্রোয়েশিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩ জুলাই ভোর ৫টায়।
গ্রুপের আরেক ম্যাচে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছেড়েছে কঙ্গো। উজবেকিস্তানের এলডর সমুরোদোভ ১০ মিনিটে দলকে এগিয়ে দেয়ার পর ৬৮ মিনিটে পেনাল্টি থেকে কঙ্গোকে সমতায় ফেরান ইয়ান উইসা। ১০ মিনিট পর দলকে এগিয়ে দেন ফিস্টন মায়েলে।
যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলে কঙ্গোর বড় জয় নিশ্চিত করেন উইসা। নক আউটে ইংল্যান্ডের মুখোমুখি হবে আফ্রিকার দেশটি।





