১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেছে কঙ্গো। দলে নেই বড় কোনো তারকা। আফ্রিকার দেশটির প্রতিপক্ষ পর্তুগাল। নামে-ভারে সবদিকেই এগিয়ে পর্তুগিজরা। রোনালদো, ব্রুনো, ভিতিনহাদের নিয়ে গড়া একাদশে ফেভারিট হিসেবেই নামে দলটি।
ম্যাচের শুরুতেই জোয়াও নেভেসের গোলে এগিয়ে যায় পর্তুগাল। পেদ্রো নেতোর মাপা শটে হেড থেকে লক্ষ্যভেদ করেন এ মিডফিল্ডার। এরপর কঙ্গোর গোলমুখে আরও কিছু আক্রমণ করলেও সাফল্যের দেখা পায়নি পর্তুগাল।
খেলার ধারার বিপরীতে সমতায় ফেরে কঙ্গো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে একদম শেষ শটে হেড থেকে গোল করে কঙ্গোকে আনন্দে ভাসান ইয়োনে উইসা। কঙ্গোর ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোল করেন তিনি।
আরও পড়ুন
বিরতির পর আরও বেশি আক্রমণাত্মক খেলতে থাকে পর্তুগাল। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি রবার্তো মার্টিনেজের শিষ্যরা। কাউন্টার অ্যাটাকে পর্তুগালের গোলমুখে ভীতি ছড়ায় কঙ্গোও। তবে ফিনিশিং দুর্বলতায় তারাও গোলের দেখা পায়নি।
ম্যাচজুড়ে বিবর্ণ ছিলেন ইতিহাসের মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা ক্রিশ্চিয়ানো রোনালদো। দিনের শুরুটা লিওনেল মেসি আপন আলোয় উদ্ভাসিত করলেও সিআর সেভেন ম্যাচটা হয়তো ভুলে যেতে চাইবেন। পুরো ম্যাচেই বলার মতো কিছু করতে পারেননি। ছিল একটি বিগ চান্স মিসও।
৫২ বছর পর বিশ্বকাপে ফিরে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে ড্র করে চমক দেখিয়েছে কঙ্গো। অন্যদিকে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েও পয়েন্ট খোয়ানোর হতাশা নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগিজরা।




