বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে প্রতিটা মুহূর্ত কেটেছে চরম উৎকণ্ঠায়। ফুটবল বিশ্বের কোটি কোটি চোখ অধীর আগ্রহে অপেক্ষা করছিল ব্রাজিলের হেক্সা মিশনের চূড়ান্ত দলে কি থাকবেন নেইমার? সব শঙ্কা উড়িয়ে যখন সেলেসাওদের বিশ্বকাপ বহরে তার নাম ঘোষণা করা হয় সাম্বা দেশ তখন ফেটে পড়ে উল্লাসে।
তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি নেইমার ভক্তদের। গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের কাফ মাসলে গ্রেড-টু ইনজুরিতে পড়েন সেলেসাওদের প্রাণভ্রোমরা নেইমার। এরপর থেকেই তার বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।
আরও পড়ুন
তবে সোমবারের করা সর্বশেষ এমআরআই স্ক্যানের রিপোর্ট বলছে, সঠিক পথেই এগোচ্ছে নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া। সিবিএফ-এর মেডিকেল বুলেটিন নিশ্চিত করেছে, চিকিৎসকদের বেঁধে দেয়া সময়ের মধ্যেই সেরে উঠছেন তিনি। বর্তমানে জিমে শারীরিক কসরত আর ফিজিওথেরাপির মধ্যেই কাটছে নেইমারের সময়। তবে খুব শীঘ্রই তিনি পা রাখছেন মাঠের সবুজ ঘাসে।
তবে এ নেইমারকে নিয়ে কোন তাড়াহুড়ো চাইছে না সেলেসাওদের মেডিকেল টিম। তাই মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামবে ব্রাজিল। ২০ জুনে হাইতির বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নামানো হবে নেইমারকে আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৫ জুনে স্কটল্যান্ডের বিপক্ষে পুরোপুরি পাওয়ার আসা নেইমারকে।
পেশাদার ফুটবল ক্যারিয়ারে ব্রাজিলের এ পোস্টারবয়কে এখনো পর্যন্ত ৪৮ বার মাঠের বাইরে যেতে হয়েছে ইনজুরি নিয়ে। প্রতিবারই ফিরে এসেছেন আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে।
দুই যুগের শিরোপা খরা কাটানোর মিশন আর গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে আরও একবার ফিনিক্স পাখির মতো ফিরে আসবেন নেইমার জুনিয়র। সেই প্রত্যাশায় দিন গুনছেন প্রতিটা ব্রাজিলিয়ান ফুটবল ভক্ত। নেইমার কি পারবেন ভক্তদের প্রত্যাশা পুরন করে আরো একবার সবুজ গালিচায় ফিরতে।




