অধরা বিশ্বকাপ জয়ের স্বপ্নে প্রস্তুতি শুরু পর্তুগালের

পর্তুগাল জাতীয় দল
পর্তুগাল জাতীয় দল | ছবি: সংগৃহীত
0

নিজ দেশে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে পর্তুগাল। প্রথমদিনের অনুশীলনে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোসহ দলের বাকিরা। এবার অধরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন পর্তুগিজদের, জানিয়েছেন মিডফিল্ডার রুবেন নেভেস।

পায়ের জাদু আর অফুরন্ত ফিটনেস-এ দুইয়ের ওপর ভর করে আবারও বিশ্বমঞ্চ কাঁপাতে প্রস্তুত পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপকে সামনে রেখে লিসবনের অদূরে ওইরাসে অনুশীলনে নেমেছে পর্তুগাল দল। ৪১ বছর বয়সে এসে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন সিআর সেভেন।

চেনা মাঠ ওইরাসের বিশ্বমানের আধুনিক জিমনেসিয়াম আর হাই-টেক রিকভারি সেন্টারে প্রাথমিক প্রস্তুতি সারছে পর্তুগিজরা। প্রথম দিনের অনুশীলন শেষে বিশ্বকাপে দলের লক্ষ্য নিয়ে নিজেদের ভাবনা জানালেন মিডফিল্ডার রুবেন নেভেস।

তিনি বলেন, ‘আমরা জানি এ প্রতিযোগিতা কতটা কঠিন। তবে পর্তুগাল দল হিসেবে আমাদের লক্ষ্য একটাই— ফাইনালে ওঠা এবং ট্রফি জয়। ১৯শে জুলাই ট্রফি হাতে নিয়েই আমরা দেশে ফিরতে চাই, সেই আত্মবিশ্বাস আমাদের আছে।’

ওইরাস থেকে বিশ্বকাপের ম্যাচ ভেন্যুর দূরত্ব হাজার মাইল। তাই ফিফার নিয়ম মেনে প্রথম ম্যাচের ৫ দিন আগেই রোনালদো-বাহিনী নোঙর ফেলবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে। ১৭ই জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে তাদের বিশ্বকাপ মিশন। গ্রুপের অন্য দল, প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়া উজবেকিস্তান। অন্যদিকে শেষ ম্যাচে পর্তুগালকে পরীক্ষা দিতে হবে লুইস দিয়াজ ও হামেস রদ্রিগেজের শক্তিশালী কলম্বিয়ার কাছে।

তবে এখনই প্রতিপক্ষ নিয়ে না ভেবে প্রথম দিনের অনুশীলনে ফিফার নতুন নিয়ম নিয়ে বেশি কাজ করা হয়েছে বলেই জানালেন রুবেন।

মিড ফিল্ডার রুবেন নেভেস আরও বলেন, ‘ফিফা এবার নতুন কিছু নিয়ম এনেছে, বিশেষ করে সময় অপচয় রোধে— যেমন চোটের চিকিৎসা বা মাঠ ছাড়ার সময়সীমা। আমরা আজ থেকেই এ নতুন নিয়মগুলোর সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার প্রস্তুতি শুরু করেছি।’

লিওনেল মেসি এবং গুইলার্মো ওচোয়ার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ছয়টি বিশ্বকাপ খেলার অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে সিআর সেভেন। নিজের শেষ বিশ্বকাপে অধরা সেই সোনালি ট্রফিটা কি এবার উঁচিয়ে ধরতে পারবেন মহাতারকা? ফুটবল বিশ্ব তাকিয়ে সেদিকেই।

জেআর