মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপ মিশন শুরু

দুই নারী ফুটবলারের উদযাপন
দুই নারী ফুটবলারের উদযাপন | ছবি: সংগৃহীত
0

সাফ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। নিজেদের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে টানা দুইবারের শিরোপা জয়ী দল বাংলাদেশ। সবশেষ ম্যাচেই ভারতের বিপক্ষে ১১-০ গোলে বিধ্বস্ত হওয়া মালদ্বীপের বিপক্ষে জয় পেলেও সমীহ জাগাতে পারেনি পিটার বাটলারের শিষ্যরা।

বৃহস্পতিবার ভারতের গোয়ায় মালদ্বীপের বিপক্ষে ম্যাচে শুরুতে যদিও বড় জয়ের আভাস দিচ্ছিলো দল। মাত্র ১২ সেকেন্ডেই প্রতিপক্ষের জালে বল জড়ান আনিকা রিয়া সিদ্দিকি। তবে এরপর একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিলো না বাংলাদেশের মেয়েরা।

অবশেষে ৩৪ মিনিটে লাল-সবুজদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন উমেলাহ মারমা। এরপরই যেন হঠাৎ ছন্দ পতন ঘটে পিটার বাটলারের শিষ্যদের। ম্যাচের ৪৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত গোল করে ব্যবধান কমান মালদ্বীপের নোরা। এটি ছিলো ম্যাচে বাংলাদেশের গোলমুখে মালদ্বীপের প্রথম শট।

প্রথম গোলে গোলরক্ষক মিলির কিছুটা ভুল থাকলেও দ্বিতীয়ার্ধে রক্ষণভাগে খুবই অগোছালো হয়ে পরে বাংলাদেশ। ফলে ৫৭ মিনিটে এবার বাংলাদেশের জালে বল জড়ান মালদ্বীপের আমিনাত ফাজলা। দুই গোলে এগিয়ে থাকা বাংলাদেশকে দাবিয়ে ম্যাচে সমতা ফেরায় মালদ্বীপ।

তবে হারের শঙ্কা দূর করে ৬৪ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে বাংলাদেশ শিবিরে হাসি ফোটান বদলি খেলোয়াড় প্রীতি। আর ম্যাচের শেষ ভাগে আরও এক গোল করে ৪-২ এ জয়ের পাশাপাশি সেমিফাইনালও নিশ্চিত করে বাংলাদেশ।

ঈদের দিনে প্রতিশ্রুতি মোতাবেক দেশবাসীর মুখে হাসি ফুটিয়েছেন অধিনায়ক মারিয়া মান্ডার দল। তবে ৩১ মে স্বাগতিক ভারতের বিপক্ষে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আরও সর্তক থাকতে হবে তাদের, এমনটিই মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা।

এএইচ