ইতালিতে অভিবাসীদের ফুটবল টুর্নামেন্ট; উন্মাদনায় লাল-সবুজের স্বপ্ন

ফুটবল টুর্নামেন্ট ‘মুন্ডিয়ালিডো’ ঘিরে ব্যাপক আয়োজন
ফুটবল টুর্নামেন্ট ‘মুন্ডিয়ালিডো’ ঘিরে ব্যাপক আয়োজন | ছবি: এখন টিভি
0

ইতালিতে শুরু হচ্ছে অভিবাসীদের ফুটবল টুর্নামেন্ট ‘মুন্ডিয়ালিডো’—এর ২৮তম আসর। ফুটবল উন্মাদনা ও আবেগে ইউরোপের বুকে যেন এক টুকরো মিনি বিশ্বকাপ। আর এখানেই দেশের লাল-সবুজ পতাকাকে প্রতিনিধিত্ব করছে ইতালি প্রবাসী বাংলাদেশিরা।

২৪টি দেশ ছয়টি গ্রুপে ভাগ হয়ে এ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চলেছে। সব মিলিয়ে টুর্নামেন্টটি এখন রূপ নিয়েছে অভিবাসীদের সবচেয়ে বড় মিলনমেলায়।

ইতালির অলিম্পিক কমিটির (CONI) সদর দপ্তরের জমকালো মিলনায়তনে গতকাল (সোমবার, ১৮ মে) অনুষ্ঠিত হয়ে গেলো টুর্নামেন্টের আনুষ্ঠানিক দল বণ্টন বা গ্রুপ পর্বের ড্র।

ইতালি, ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া কিংবা মরক্কোর মতো ফুটবল পরাশক্তিদের অভিবাসী দলগুলোর পাশাপাশি এবারের আসরেও বেশ শক্ত অবস্থানে থেকে মাঠে নামছে বাংলাদেশও।

আরও পড়ুন:

অলিম্পিক কমিটির এ ঐতিহাসিক কনফারেন্স রুমে ড্র-তে বাংলাদেশসহ ‘এ’ গ্রুপে রয়েছে গত বছরের চ্যাম্পিয়ন কলম্বিয়া, রোমানিয়া ও মালি।

এসময় বাংলাদেশ যুব ক্রীড়া সংস্থা, ইতালির প্রধান উপদেষ্টা এম. এ রব মিন্টু, সভাপতি বায়েজিদ আলী ও বাংলাদেশ ফুটবল দলের কোচ জুয়েল আহমেদ উপস্থিত ছিলেন। তারা জানান, প্রবাসের মাটিতে কঠোর অনুশীলন চলছে। তাদের লক্ষ্য শুধু অংশগ্রহণ নয়, বরং এবার দেশের জন্য ভালো কিছু বয়ে আনা।

গ্রুপ পর্বের ড্র শেষে এখন চলছে মাঠের লড়াইয়ের চূড়ান্ত প্রস্তুতি। রোমের বিখ্যাত ‘লা রুস্তিকা’ স্টেডিয়ামে আগামী ২৩ মে থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ জুন।

এসএইচ