ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা: অপেক্ষা যেন ছিলো শুধু ‘নেইমার’ নামটি শোনার

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমারের নাম ঘোষণা করা হয়েছে
ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমারের নাম ঘোষণা করা হয়েছে | ছবি: সংগৃহীত
0

রিও ডি জেনিরোর বিখ্যাত ‘মিউজিয়াম অব টুমরো’তে জমকালো আয়োজনে ঘোষণা করা হলো ব্রাজিলের বিশ্বকাপ দল। আর সেখানেই সবচেয়ে বড় চমক। কার্লো আনচেলত্তির ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন নেইমার দ্য সিলভা সান্তোস জুনিয়র। এর মধ্য দিয়ে নিশ্চিত হলো, আবারও বিশ্বকাপের মঞ্চে চিরচেনা হলুদ জার্সিতে দেখা যাবে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে। দীর্ঘ অপেক্ষার পর প্রিয় তারকাকে মাঠে ফের দেখতে মুখিয়ে থাকা ভক্তদের প্রতীক্ষা যেন অবশেষে শেষ হতে চলেছে।

ফুটবলের বিশ্বমঞ্চের লড়াইয়ের জন্য একটা চূড়ান্ত দল, প্রায় ৮০০ জন গণমাধ্যমকর্মীর অপেক্ষা। শুধু তারাই নন, বিশ্বজুড়ে ব্রাজিলের ভক্তদের অপেক্ষাটা শুধু নেইমার জুনিয়রের নামটা শুনবার জন্য।

অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। স্কোয়াড ঘোষণার সময় কার্লো আনচেলত্তি যখন নেইমারের নামটা নিলেন- সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে উঠলো চারপাশ। যে উল্লাস ব্রাজিল ছাপিয়ে পৌঁছে গেলো দেশে দেশে নেইমারভক্তদের মাঝে।

২৬ জনের স্কোয়াডে চমকের কমতি ছিলো না আনচেলত্তি। প্রত্যাশিত বেশকিছু নাম জায়গা পায়নি চূড়ান্ত স্কোয়াডে। যার মধ্যে উল্লেখযোগ্য রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার রদ্রিগো, চেলসির ফর্মে থাকা জোয়াও পেদ্রো, টটেনহ্যামের রিচার্লিসন জায়গা না পাওয়ায় আলোচনার জায়গা রয়েছে বহু।

আরও পড়ুন:

প্রত্যাশিতভাবেই গোলকিপিং পজিশনের প্রধান নাম লিভারপুলের এলিসন বেকার। তবে ট্যাকটিক্স ভেদে এডারসনকেও কাজে লাগানোর চেষ্টা চালাবেন কার্লো। তৃতীয় গোলকিপার হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন ওয়েভারটন।

রক্ষণভাগে আছেন মার্কুইনোস, অ্যালেক্স সান্দ্রো, দানিলো, মেঘালেস, ব্রেমার, ওয়েসলি ও সৌদি লিগে খেলা ইবানেজ। তবে অবাক করার বিষয়- বাদ পড়েছেন অভিজ্ঞ থিয়াগো সিলভা, যা কিছুটা হলেও ভাবাবে ব্রাজিলকে।

মিডফিল্ডে বেশি অপশন রাখেননি কার্লো। তবে স্বস্তির কথা দলে আছেন অভিজ্ঞতায় ভরপুর ক্যাসিমিরো। চমক হিসেবে আছেন ফ্যাবিনিও। ব্রুনো গুইমারেজ, লুকাস পাকুয়েতাদের মতো নিয়মিত তারকারা ধার বাড়াবেন এ পজিশনে।

আক্রমণভাগে অভিজ্ঞ নেইমারের সঙ্গে আছেন ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া। প্রথমবার ডাক পেয়েছেন ফিলিপে এন্দ্রিক। এর বাইরে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগোর থিয়াগো, ম্যাথুইস কুনহা, লুইস এনরিকেরা।

এসএইচ