বাংলাদেশের কোচ হতে এবারই রেকর্ড সংখ্যক সিভি এসেছে বাফুফে বরাবর। যার মধ্যে রয়েছে ইউরোপ-এশিয়ায় দীর্ঘদিন কোচিং করানো নামি-দামি নাম। সিভি পাঠিয়েছেন নেইমার জুনিয়রদের অলিম্পিকে স্বর্ণ জেতানো কোচও।
কোচরা সিভি পাঠালেই হবে তাদের বেতনের সঙ্গেও খাপ খাওয়াতে হবে বাফুফেকে। অবশ্য সবকিছু বিবেচনা করেই যোগ্য কোচকে নিয়োগ দেয়ার আপ্রাণ চেষ্টায় বাফুফে। এরইমাঝে কোচদের নিয়ে শর্ট লিস্ট করেছে বাছাই কমিটিতে থাকা সদস্যরা।
এবার কোচ নিয়োগ নিয়ে সুখবর দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অর্থের যোগানে সহযোগিতা করতে প্রস্তুত ক্রীড়া মন্ত্রণালয়। সেক্ষেত্রে বাফুফেকে আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠাতে হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
আরও পড়ুন:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘ফুটবল ফেডারেশন আসলে অফিশিয়ালি এখন পর্যন্ত আমাকে কিছু জানায়নি। আমি বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল না। যদি এ ধরনের কোনো সমস্যা ফেস করে, সে ক্ষেত্রে আমাদের মূল লক্ষ্যই হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন—সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক বা এক্স ওয়াই জেড যে কোনো স্পোর্টস হোক—সেক্ষেত্রে আমরা আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারি।’
শুধু তাই নয় টেকনিক্যাল সেন্টার নিয়েও সুখবর দিয়েছেন আমিনুল হক।
তিনি বলেন, ‘এক্সিলেন্স সেন্টার যেটি আমাদের কক্সবাজারে একটি তৈরির কথা আমাদের ফুটবল ফেডারেশনের ফিফার অর্থায়নের মাধ্যমে। সেই ক্ষেত্রে তারা অবশ্যই একটা বিষয়ে আমাদেরকে অবগত করেছে। বাট আমি আমার সচিবকে বলেছি যে, এটি অফিশিয়ালি চিঠি দিলে, আমাদের মিটিংয়ে আলোচনার মাধ্যমে কীভাবে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সহযোগিতা করতে পারি; সে বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করে ইনশাল্লাহ এর সমাধান করবো।’
ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন আশ্বাসকে সাধুবাদ জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপি।
বাফুফের সহ-সভাপতি ওয়াহিউদ্দিন হ্যাপি বলেন, ‘আমি এবং প্রেসিডেন্টকে উনি মিনিস্ট্রিতে যেতে বলেছেন। সেখানে আমরা উনার সাথে যেয়ে কথা বলে আমাদের যে টেকনিক্যাল সেন্টার বা এনাদার যে সমস্ত ইস্যুগুলো আছে সবগুলোই উনি সমাধান করে দিবে বলেছে।
দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর এমন আশ্বাস ইতিবাচক ফলাফল বয়ে আনবে আশা সংশ্লিষ্টদের।





