হামজা চৌধুরীর আগমনে দেশের ফুটবলে ঘটেছে নবজাগরণ। সমিত সোম, জায়ানরা আসার পর দর্শকদের আগ্রহ বেড়েছে বহুগুণ। উন্মাদনার জোয়ার আরও বাড়াতে এবার ট্রেভর ইসলামকে নিয়ে সুখবর দিলো বাফুফে।
শুক্রবার মিরপুরে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম জানালেন, জাতীয় দলে খেলতে এরই মধ্যে সম্মতি জানিয়েছেন ট্রেভর ইসলাম। এখন তাই জোরেশোরে চলবে তাকে দলে যুক্ত করার প্রক্রিয়া। আশ করছেন, কয়েক মাসের মধ্যেই দেশের হয়ে জার্সি পরতে পারেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফরোয়ার্ড।
বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘ফেডারেশন থেকে উনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল-আপ করে রেডি করে রেখেছি। আমরা রেডি। উনার যখনি ব্রেক হবে উনি গিয়ে শুধু বায়োমেট্রিক দিবে তারপর যেটা সপ্তাহখানেকের ব্যাপার। আমরা পাসপোর্টটা এক মাসের মধ্যে করে ফেলবো। উনি যখনি আসে আমরা উনাকে ওয়েলকাম করতে রেডি। উনি যদি সময় বের করতে পারে আমরা তার জন্য অপেক্ষা করছি।’
সম্প্রতি গুঞ্জন ওঠে, জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে ট্রেভরকে দেশিয় ক্লাবে খেলার শর্ত দিয়েছে বাফুফে। এ বিষয়েও নিজেদের অবস্থান পরিষ্কার করেন ফাহাদ করিম।
ফাহাদ করিম বলেন, ‘তারা সবাই প্রফেশনাল। তারাও একইরকম আশা করে। আমি কিন্তু ওদের বলেছিলাম তোমরা আসবে কিন্তু আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না। দেখেন তারা টিকেছে। আমার মনে হয় না এই আলোচনাগুলো আসা উচিত। আমাদের তরফ থেকে কেউ কখনো এ আলোচনা করবে না শিওর থাকেন।’
তিনি বলেন, ‘ক্রিকেটের আরও উন্নতি হবে। স্পোর্টস ফেডারেশন হিসেবে এটা আমরা সবসময় চাই।’
কিছুদিন আগেও, বাফুফের সঙ্গে বিসিবির সম্পর্ক ছিল মলিন। তবে দেশের প্রধান দুই জনপ্রিয় খেলার অভিভাবক সংস্থার মাঝে বর্তমানে দারুণ সম্পর্ক বলে দাবি করলেন বাফুফের সহ-সভাপতি।





